বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Logo
×

মাদক সেবনে বাধা দেওয়ায় ছাত্রদলের ৩ নেতাকর্মীকে মারধরের অভিযোগে ছাত্রলীগকর্মী তাজ গ্রেফতার

Icon প্রথম সমাচার ডেস্ক

মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শাখা ছাত্রদলের তিন নেতাকর্মীকে মারধরের অভিযোগে এক ছাত্রলীগকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে বরিশাল নগরী থেকে তাজ নামে ওই ছাত্রলীগকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বুধবার (২১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন। তিনি বলেন, তাকে কোর্টে চালান করা হবে।

জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশের ছোট ব্রিজসংলগ্ন নলছিটি হাউজিং এলাকায় গাঁজা সেবনরত অবস্থায় বরিশাল মহানগর ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা ইমরান মাহমুদুলসহ তিন থেকে চারজন।

এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকর্মী তাজের নেতৃত্বে কয়েকজন সংগঠিত হয়ে ইমরান মাহমুদুলসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিনজন নেতাকর্মীর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ঢাকা-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেন। পরে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় জড়িত অন্যদেরকেও আইনের আওতায় আনা হবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com