বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

সাকিব কি ফিরছেন জাতীয় দলে? যা জানা গেল

ক্রীড়া প্রতিবেদক ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে চলমান একটি মামলার কারণে তার ফেরা অনিশ্চিত থাকলেও সেটি প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র।

বিসিবির পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবর এক টেলিভিশন ক্রীড়া অনুষ্ঠানে জানান, সাকিবের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সাকিবের আইনজীবী দলের সঙ্গে বোর্ডের যোগাযোগ হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। খুব শিগগিরই ফাইল সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হতে পারে, এরপর বিষয়টি সরকারের বিবেচনায় যাবে।

আগস্ট ২০২৪-এর পর দায়ের হওয়া মামলাটিই ছিল সাকিবের জাতীয় দলে ফেরার প্রধান অন্তরায়। তবে সাম্প্রতিক অগ্রগতিতে আশাবাদী বিসিবি কর্মকর্তারা।

এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক অতীতে ইঙ্গিত দিয়েছিলেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে যেন কোনো ক্রীড়াবিদ ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সরকার ইতিবাচক ভূমিকা রাখবে। দায়িত্ব গ্রহণের পরও তিনি অভিজ্ঞ ক্রিকেটারদের সম্ভাব্য প্রত্যাবর্তনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সাকিবকে দলে ফেরানো নিয়ে সমালোচনাও রয়েছে। আগের সরকারের সঙ্গে তার সম্পৃক্ততার প্রসঙ্গ তুলে কেউ কেউ আপত্তি জানিয়েছেন। এ বিষয়ে আসিফ আকবর বলেন, সাকিব ইতোমধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এবং সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন। ব্যক্তিগত আলাপেও তিনি খেলায় ফেরার আগ্রহের কথা জানিয়েছেন।

বোর্ড সভায় আলোচনার পর সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে—‘সাকিব ক্রিকেটার’ হিসেবেই তাকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে বোর্ড আগ্রহী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেও অবসর প্রসঙ্গে কথা বলেন সাকিব। তিনি জানান, একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে ক্যারিয়ার শেষ করার ইচ্ছা এখনও রয়েছে। সেটিই তার দীর্ঘদিনের আশা।

সব কিছু অনুকূলে থাকলে আইনি জটিলতা কেটে যাওয়ার পর আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...