বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Logo
×

পরিবহন খাতকে আইনের অধীনে পরিচালনা করে ‘মাফিয়া’দের দমন করতে হবে: গাজী আতাউর

Icon প্রথম সমাচার ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ‘সড়ক ও গণপরিবহন খাতে ৫৬ বছরের পুঞ্জীভূত দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।’ তার দাবি, সরকারের দুর্নীতি, অদক্ষতা ও উদাসীনতার কারণেই সড়কে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

বাণীতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সড়কে প্রতিদিন গড়ে নিহত হচ্ছেন ৬৬ জন, পঙ্গুত্ব বরণ করছেন ১০৪ জন। বছরের হিসাবে ৩০ লাখের বেশি মানুষ আহত হন। তাদের মধ্যে প্রায় ৩৮ হাজার মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেন কিংবা প্রতিবন্ধী হয়ে পড়েন। বছরে প্রাণ হারান ২৪ হাজার ২৩৩ জন। প্রতি ১ লাখ মানুষের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ১৪ দশমিক ৬৭। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের ৮৪ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ১৫ দশমিক ৪ শতাংশ নারী।

সংখ্যাগুলো এক ভয়াবহ চিত্র তুলে ধরছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই ভয়াবহতার জন্য দায়ী স্বাধীনতার পরে দায়িত্ব পালন করা সরকারগুলো। যানবাহনের ফিটনেস ও রুট পারমিট, চালকের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। সরকারের দুর্নীতি, অদক্ষতা ও উদাসীনতার কারণেই সড়ক আজ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।’

বাণীতে গাজী আতাউর আরও বলেন, ‘আজকের এই দিনে সড়ককে নিরাপদ করার জন্য রাজনৈতিক সদিচ্ছার প্রতিজ্ঞা করতে হবে। পরিবহন খাতকে পুরোমাত্রায় আইনের অধীনে পরিচালনা করতে হবে। এই খাতে ‘মাফিয়া’দের দমন করতে হবে।’

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com