জাতীয় সংসদ ভবনে নামাজ আদায় করতে গিয়ে এক মজার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন সংসদ সদস্য পীরজাদা হানজালা। ঘটনাটি নিয়ে দেওয়া তাঁর ফেসবুক পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
পোস্টে তিনি জানান, নামাজ শেষে এসে দেখেন তাঁর জুতার জায়গায় অন্য একটি জুতা রাখা রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ ভুলবশত তাঁর জুতা নিয়ে গেছেন এবং নিজের জুতা সেখানে রেখে গেছেন।
ঘটনাটিকে হালকাভাবে নিয়ে তিনি লিখেছেন, এটি জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তগুলোর একটি। একই সঙ্গে যিনি ভুল করে জুতা নিয়ে গেছেন, তার মঙ্গল কামনাও করেছেন তিনি।
এছাড়া, তাঁর জুতাটি যিনি নিয়ে গেছেন, পোস্টটি দেখলে ফেরত দেওয়ার অনুরোধও জানান এমপি হানজালা। তিনি আরও উল্লেখ করেন, অন্য ব্যক্তির জুতাটি আগের জায়গাতেই রাখা আছে।
এই ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টিকে হাস্যরসাত্মকভাবে গ্রহণ করেছেন এবং এমপির সরল উপস্থাপনাকে সাধুবাদ জানিয়েছেন।
