ফিড মিলের বর্জ্য পানিতে কৃষিজমি নষ্ট হওয়া এবং এক কৃষককে আটকের প্রতিবাদে নরসিংদীর রায়পুরা উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ধুকুন্দি-চারাবাগ এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
স্থানীয়দের অভিযোগ, পুষ্টিরাজ ও আরমান ফিড মিলস লিমিটেড দীর্ঘদিন ধরে এলাকায় মাছ ও মুরগির খাদ্য উৎপাদন করলেও তাদের বর্জ্য ব্যবস্থাপনা সঠিক নয়। ফলে দূষিত পানি আশপাশের জমিতে ছড়িয়ে পড়ে প্রায় ২০০ বিঘা কৃষিজমি চাষের অযোগ্য হয়ে পড়েছে।
তারা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং প্রতিবাদ করলে উল্টো হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তাদের।
এরই মধ্যে বুধবার মিল কর্তৃপক্ষের অভিযোগে স্থানীয় কৃষক শাহিন মিয়াকে আটক করে পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর মুক্তির দাবিতে পরদিন সড়কে নেমে আসেন এলাকাবাসী।
অবরোধকারীরা বলেন, দূষিত পানির কারণে ফসল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক জমি এখন আর চাষের উপযোগী নেই। পাশাপাশি জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগও তোলেন তারা।
খবর পেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, অভিযোগগুলো গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। আটক কৃষক শাহিন মিয়ার জামিনের বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে।
অবরোধ প্রত্যাহারের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
