বীর মুক্তিযোদ্ধা ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের অবিলম্বে জামিন ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ। একই সঙ্গে তার মুক্তি নিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে এ দাবি জানানো হয়।কর্মসূচিতে মেজর আখতারুজ্জামানের ছেলে সাব্বির জামান বলেন, তার ৭৬ বছর বয়সী বাবাকে গত ১ অক্টোবর একটি ভিত্তিহীন মামলায় বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন তার বাবা। ওই প্রতিবাদের কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।
সাব্বির জামান বলেন, বিমানবন্দরে প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি নিয়ে তার বাবার প্রতিবাদের পর লাগেজ বেল্টসহ বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অথচ তার বাবার বিরুদ্ধে সরকারপক্ষ কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলে দাবি করেন তিনি। এ অবস্থায় তাকে ২৬ দিন ধরে বন্দি রাখার বিষয়টি বিচারব্যবস্থার বৈষম্য নিয়ে প্রশ্ন তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে তার বাবা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা পালন করেছেন। দেশের বিচার বিভাগকে স্বাধীন রাখার আহ্বান জানিয়ে তিনি তার বাবার অবিলম্বে জামিন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের মহাসচিব মোহাম্মদ তাজিরুল ইসলাম বলেন, ১৯৭১ সালের একজন বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় বীরকে গ্রেফতার করা দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করার শামিল।
মেজর (অব.) আখতারুজ্জামানকে হাতকড়া ও মাথায় হেলমেট পরিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাজিরুল ইসলাম বলেন, একজন প্রবীণ মুক্তিযোদ্ধার সঙ্গে এমন আচরণ তার সম্মান ও মর্যাদার জন্য অপমানজনক। বিগত ১৭ বছরের শাসনামলের মতো বর্তমান সরকারও একই ধরনের নিপীড়নের পথে হাঁটছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।মেজর আকতারুজ্জামানকে নিঃশর্তে মুক্তি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতির দাবি জানান তাজিরুল ইসলাম। পাশাপাশি জুলাই ২০২৪-এর সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, দাবি পূরণ না হলে দেশের মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর পরিসরে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।এছাড়াও কর্মসূচিতে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দেড় ঘণ্টার চেষ্টায় কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সাক্ষাৎ
গভীর রাতে গাড়ি আটকে ডাকাতির চেষ্টার অভিযোগ রফিকুল ইসলাম মাদানীর