বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টায় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেইয়ে’ এ বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বলেন, মঙ্গলবার জাপান ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন। বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা এবং আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের অবস্থান নিয়ে আলোচনা হবে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সফরে সোমবার সকালে টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান জাপানের স্টেট মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স নাকাসোনে ইয়াসুতাকা।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার অভ্যর্থনা জানাবেন জাপানের প্রধানমন্ত্রী। এরপর দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক হবে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী), বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী এবং আম জনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।
দ্বিপক্ষীয় বৈঠকের পর জাপানের প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত বছরের ১২ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর বিদেশে এটি তারেক রহমানের তৃতীয় রাষ্ট্রীয় সফর। জাপান সফরের আগে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন সফর করেন। এ ছাড়া জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত সেপ্টেম্বরে নিউইয়র্ক সফর করেন তিনি।

নিস্তব্ধ রাতে আর্তচিৎকার-‘আমাকে বাঁচাও বাঁচা’, মনির ফকিরের রহস্যজনক মৃত্যু
স্বামীর এক থাপ্পড়ে প্রাণ গেল গৃহবধূ পূর্ণিমার
মুক্তিযোদ্ধার কবর খুঁড়তে হয় স্ত্রী-কন্যাকে, এটা জাতির জন্য লজ্জা: প্রতিমন্ত্রী নুর