পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. মিলন সিকদার নামে এক ছাত্রদল কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগের এক নেতাসহ তার সহযোগীদের বিরুদ্ধে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার অলিপুরা বাজার সংলগ্ন সিকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মিলন সিকদার বরিশালের বিএম কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী।
অভিযোগ অনুযায়ী, আগের দিন একটি ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। ছাত্রদল নেতাদের দাবি, ওই অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেলে এতে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন মিলনের ওপর চড়াও হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মিলন সিকদারকে ধাওয়া করে মারধর করে। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি পুকুরে ঝাঁপ দিলে সেখানেও তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে।
