আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনাকে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের অধিকারের প্রতি চরম অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছে ‘জুলাই ঐক্য’। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর দায়িত্বে থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই দায়িত্বশীল হতে পারে না উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
শনিবার রাতে এক বিবৃতিতে জুলাই ঐক্যের পক্ষ থেকে বলা হয়, ফ্যাসিবাদী সরকারের পতনের পরও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিদের কারো কারো আচরণে পুরোনো অসহিষ্ণু মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
বিবৃতিতে আরো বলা হয়, সংবাদমাধ্যমের কোনো সংবাদ বা সম্পাদকীয় অবস্থান পছন্দ না হলে তার প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার সবার রয়েছে। তথ্য ও যুক্তি দিয়ে সমালোচনা করা যেতে পারে; কিন্তু পত্রিকা ছিঁড়ে ফেলা, সাংবাদিকদের হেয় করা বা সংঘবদ্ধ মবের পরিবেশ তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আমার দেশ কার্যালয়ে সাম্প্রতিক ককটেল হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংগঠনটি বলেছে, পত্রিকাটির ওপর হামলা বা ভয়ভীতি প্রদর্শনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। জুলাইয়ের ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর এ ধরনের আচরণের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান ও সংশ্লিষ্ট ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে আমার দেশ কার্যালয়ে হামলার নিরপেক্ষ তদন্তপূর্বক জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের মুখোমুখি করার দাবি জানিয়েছে জুলাই ঐক্য।

মানিক পশারীর পরিবারে আতঙ্ক কাটছে না, রাতে আত্মীয়ের বাড়ি থাকেন মেয়ে-বোন
ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
জামায়াতের লংমার্চের গাড়িচাপায় একজনের মৃত্যু: খাদে পড়ে আহত ৩০