বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নয়নের পরিকল্পনা, চলছে সম্ভাব্যতা যাচাই

প্রথম সমাচার ডেস্ক ০৫ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়কপথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ১০ লেনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী জানান, মহাসড়কটি উন্নয়নের পাশাপাশি কুমিল্লার পদুয়াবাজার এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ এলাকায় বিদ্যমান ওভারপাস সম্প্রসারণের জন্য ইতোমধ্যে নকশা প্রণয়ন করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই কাজ শেষ করার আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সম্ভাব্যতা যাচাইয়ের আওতায় মহাসড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে পদুয়াবাজার এলাকায় নতুন করে একাধিক আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে যান চলাচলে স্বস্তি আসবে।

এছাড়া সংশ্লিষ্ট প্রকল্পের বিস্তারিত নকশা প্রস্তুতের কাজ চলছে এবং শিগগিরই উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের নেওয়া প্রকল্পের সীমাবদ্ধতার কারণে বড় ধরনের পরিবর্তন সম্ভব না হলেও প্রয়োজনীয় সংশোধন করে কার্যকর সমাধানের দিকে এগোচ্ছে বর্তমান সরকার। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়ে বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে এবং কিছু তাৎক্ষণিক পদক্ষেপও নেওয়া হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, পরিকল্পিত এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটসহ বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...