অন্যদিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজবিউল আহসান মুন্সী ও সাবেক সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বে দেবীদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী।
একই সময়ে কাছাকাছি স্থানে দুই পক্ষের কর্মসূচি ঘিরে সকাল থেকেই উপজেলা সদরে উত্তেজনা ছিল।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, উপজেলা বিএনপির সমাবেশ শেষে একটি মিছিল উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। অন্যদিকে রেজবিউল আহসান মুন্সী এবং এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বে সমাবেশ শেষে আরেকটি মিছিল উপজেলা পরিষদের দিকে এগিয়ে যায়। এ সময় সংসদ সদস্য রাশেদা বেগম ও অন্য অতিথিরা উপজেলা পরিষদ চত্বর থেকে গাড়িতে করে চলে যাওয়ার পথে কালাচাঁন মার্কেটের সামনে দুই পক্ষ মুখোমুখি হয়। একপর্যায়ে সংসদ সদস্যের গাড়িতে হাত ও পা দিয়ে আঘাত করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক এম এ আউয়াল খানের গাড়ি ভাঙচুর করা হয়।
আউয়াল খান বলেন, ‘আমরা কর্মসূচি শেষ করে ফেরার পথে কালাচাঁন মার্কেটের সামনে তাদের মুখোমুখি হই। তখন তারা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য সেলিম ভূঁইয়া ও সংসদ সদস্য রাশেদা বেগমকে নিয়ে আপত্তিকর স্লোগান দিচ্ছিলেন। আমাদের নেতাকর্মীরা এ ধরনের স্লোগান দিতে নিষেধ করলে তারা গাড়িবহরে হামলা চালান এবং আমার গাড়ি ভাঙচুর করেন। এতে নেতৃত্ব দেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী নিজেই।’
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী। তিনি বলেন, ‘এ ধরনের ঘটনার বিষয়ে আমাদের জানা নেই। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি নিজে তাদের গাড়ি ভাঙচুরের হাত থেকে রক্ষা করেছি।’
পৃথক সমাবেশ আয়োজনের বিষয়ে তারেক মুন্সী বলেন, ‘কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজবিউল আহসান মুন্সী ও দেবীদ্বার উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল কালামসহ নেতাকর্মীদের বড় অংশকে অন্য পক্ষের কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়নি। এ কারণে মঞ্জুরুল আহসান মুন্সীকে প্রধান অতিথি করে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। দেশের বিভিন্ন স্থানে বিএনপির পৃথক কর্মসূচি পালনের নজির রয়েছে।’
সংগঠনের কর্মসূচিকে ঘিরে যারা ভীতি প্রদর্শন করতে চান, তাদের দলের লোক মনে করবেন কি না, সেই প্রশ্ন তুলেছেন সংসদ সদস্য রাশেদা বেগম। তিনি বলেন, ‘তাদের কোনও অভিযোগ থাকলে আমাদের সঙ্গে কথা বলতে পারতেন। আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) মতো এসে আক্রমণ করা, মনে হচ্ছে তারা যেন আওয়ামী লীগেরই (কার্যক্রম নিষিদ্ধ) প্রতিনিধিত্ব করছেন। এ সময় তারা আমাদের গাড়িগুলোতে আঘাত করেন এবং দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়ার নাম ধরে গালাগাল করেন। পরে পুলিশ আমাদের নিরাপত্তা দিয়ে নিয়ে আসে।’
দেবীদ্বার থানার ওসি মরিয়ুজ্জামান রাতে বলেন, ‘একই সময়ে কাছাকাছি স্থানে বিএনপির দুটি পক্ষ সমাবেশ করেছে। সংসদ সদস্য রাশেদা বেগমের নেতৃত্বে একটি কর্মসূচি শেষে তাঁরা চলে যাওয়ার সময় বিএনপির দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা তৈরি হয়। এ সময় এম এ আউয়াল খানের গাড়ির কাচ ভাঙচুর করা হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের নিরাপদে সরিয়ে নেয়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উত্তেজনা সৃষ্টি হলেও অন্য কোনও ঘটনা ঘটেনি।’

পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে গুলি করবো: ইসলামী ফ্রন্টের নেতা
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা মোজাম্মেল বহিষ্কার
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম