শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

উত্তরায় আ.লীগের ৪ সদস্যসহ গ্রেফতার ৭

Icon প্রথম সমাচার ডেস্ক

রাজধানীর উত্তরায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার সদস্যসহ সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত উত্তরা পূর্ব ও পশ্চিম থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে।

গ্রেফতার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যরা হলেন- কৃষক লীগের উত্তরা পূর্ব থানার সাবেক সাংগঠনিক সম্পাদক নান্নু শেখ (৪০), পটুয়াখালী জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান হীরা (২৭), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রামাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত খান (৬৪) এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মজুমদার (৩৪)।

আরও পড়ুন:দিবসীকরণ

ডিএমপির মিডিয়া উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, বুধবার বিকেল ৩টার দিকে উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টরের একটি বাসা থেকে হীরাকে গ্রেফতার করা হয়। বিকেল পৌনে ৬টার দিকে আজমপুর আমীর কমপ্লেক্সের সামনে থেকে নান্নু শেখ এবং রাত পৌনে ৮টার দিকে ৩ নম্বর সেক্টরের একটি বাসার সামনে থেকে শাহাদাত খানকে গ্রেফতার করা হয়। এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবদুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে থেকে রিপন মজুমদারকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, নান্নু শেখ ও হীরা নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ষড়যন্ত্রমূলক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে অংশ নিতেন। এসব কর্মকাণ্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করতেন তারা।

এদিকে বুধবার সন্ধ্যায় উত্তরা ৬ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। তারা হলেন- মো. ফাহিম, মোহাম্মদ মাফুজুর রশিদ লাবিব (১৯) ও মাহি বি চৌধুরী রাতুল (২০)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া রয়েছে বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com