জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সকালে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
প্রাপ্ত তথ্যানুযায়ী, সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে অবস্থিত নিজ বাসভবন থেকে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। তবে কোন সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়ের নাম ড. শিরীন শারমিন চৌধুরী। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি দেশের প্রথম নারী স্পিকার হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর থেকে টানা এক দশকেরও বেশি সময় অত্যন্ত দক্ষতার সাথে এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি পুনরায় স্পিকারের আসনে বসেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এর ধারাবাহিকতায় ড. শিরীন শারমিন চৌধুরীও স্পিকারের পদ থেকে সরে দাঁড়ান। পদত্যাগের পর দীর্ঘ সময় তিনি লোকচক্ষুর অন্তরালে ছিলেন এবং আজ ভোরের অভিযানে তাকে গ্রেপ্তারের খবর সামনে এলো। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
পিএস
