পাঁচতলা ভবন নির্মাণের অনুমোদন নিয়ে ছয়তলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সয়াধানগড়া দক্ষিণপাড়া মহল্লায়। ভবনটির মালিক রায়গঞ্জ উপজেলার নিমগাছি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. জেহাদুল ইসলাম সরকার। তবে অতিরিক্ত তলা নির্মাণের অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, ভবনের উপরের অংশটি কোনো তলা নয়, এটি চিলেকোঠা।
অন্যদিকে, পৌরসভার নির্মাণবিধি অনুযায়ী চিলেকোঠা বা সিঁড়িকোঠার উচ্চতা সর্বোচ্চ সাত ফুট হওয়ার নিয়ম রয়েছে বলে জানিয়েছেন পৌরসভার শহর পরিকল্পনাবিদ।
জানা গেছে, ভবনটির অনুমোদিত নকশায় পাঁচতলা উল্লেখ রয়েছে। তবে নির্মাণাধীন ভবনের ওপরের অংশে আরও একটি তলার মতো স্থাপনা দেখা যাওয়ায় সেটি অতিরিক্ত তলা নাকি সিঁড়িকোঠা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনুমোদিত নকশা অনুযায়ী ভবনটি নির্মাণ করা হয়েছে কি না, তা যাচাইয়ের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় বাসিন্দা আজাদুর রহমান আজাদ বলেন, সিরাজগঞ্জ পৌরসভা নকশা অনুমোদন দিয়েই দায়িত্ব শেষ করছে। অনুমোদনের পর সরেজমিনে কোনো তদারকি বা তদন্ত করা হয় না। পৌরসভার এমন নজরদারির অভাবেই ভবনমালিকেরা অনুমোদিত নকশার বাইরে নিজেদের ইচ্ছেমতো নির্মাণকাজ করছেন।
এ বিষয়ে ভবনটির মালিক জেহাদুল ইসলাম সরকার বলেন, আমার পাঁচতলা ভবনের অনুমোদন হয়েছে। উপরের অংশটি আরেকটি তলা নয়, সেটি শুধুমাত্র চিলেকোঠা।
সিরাজগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ মো. আরিফুল ইসলাম বলেন, নিয়ম মানতে হবে এটা অবশ্যই ঠিক। এলাকাভেদে চারতলা পর্যন্ত অনুমোদন দেওয়া হয়। ক্ষেত্রবিশেষে পাঁচতলা পর্যন্তও হতে পারে। কাউন্সিলর বা পৌরসভার মেয়র এসব অনুমোদন দিয়ে থাকেন। আমরা নতুন এসেছি, সেসব পরিবর্তনের আর সুযোগ থাকে না।
তিনি আরও বলেন, একেকটি তলার উচ্চতা ১০ ফুট করে। কোনো ভবনে চারতলার অনুমোদন দেওয়া হলে সেটির উচ্চতা হবে ৪০ ফুট। চিলেকোঠা বা সিঁড়িকোঠা যা-ই হোক, সেটি সর্বোচ্চ সাত ফুট পর্যন্ত হতে পারে। এর বেশি করলে সেটি অপরাধ। পৌরসভার দৃষ্টিগোচর হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

ডিসেম্বর ঘিরে নেত্রকোনা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
পীরগঞ্জে আলুর বাজারে ধস, উৎপাদন খরচের অর্ধেক দামও মিলছে না
১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি