রোববার, ১৫ নভেম্বর ২০২৬
Logo
×

‘নন-পলাতক আ.লীগ’ নেতা জামিনে বেরিয়ে দোয়া করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য

Icon প্রথম সমাচার ডেস্ক

আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের তীব্র সমালোচনা করে নিজেকে বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের স্বঘোষিত সভাপতি হিসেবে পরিচয় দিয়ে দেশজুড়ে আলোচনায় আসা অ্যাডভোকেট মো. কামাল উদ্দিন জামিনে মুক্ত হয়েছেন। জামিনে বেরিয়েই তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে শনিবার ভোরে কর্ণফুলী উপজেলার শিকলবাহার একটি ভাড়া বাসা থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। শুক্রবার রাতে স্থানীয় কিছু ব্যক্তি তার বাসা ঘেরাও করে হামলার চেষ্টা চালান।

এ বিষয়ে তিনি বলেন, আমার বাসা ঘিরে একদল আওয়ামী লীগের সন্ত্রাসী মব করার চেষ্টা করছিল। পরে পুলিশ আমাকে হেফাজতে নেয়। কোনো মামলা না থাকায় জিডিমূলে জামিন পেয়েছি। আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি আমার কথা বলে যাব, আমি ভয় পাই না।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ আইনজীবী বলেন, আমি মহান আল্লাহর দরবারে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করি, উনি যেন সুস্থভাবে এই রাষ্ট্র চালাতে পারেন। আমি প্রধানমন্ত্রী এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।

সাংবাদিকরা তার ওপর হামলার চেষ্টার কারণ জানতে চাইলে তিনি বলেন, শুক্রবার আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানককে নিয়ে এক মন্তব্যের জেরে মুখোশপরা কিছু লোক তাকে আক্রমণের চেষ্টা চালায়। তবে এখনো নিজের নিরাপত্তাঝুঁকি রয়েছে বলে স্বীকার করেন তিনি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দিয়ে তাকে আদালতে পাঠানো হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার জামিন মঞ্জুর করেন।

জানা গেছে, কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং চট্টগ্রাম জেলা আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি)। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক ছিলেন, তবে ২০২২ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কার করা হয়।

জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের অনলাইনে নিয়মিত আক্রমণ করে আলোচনায় আসেন তিনি। গত ৮ অক্টোবর ফেসবুকে নিজের গড়া বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ নামক প্ল্যাটফর্মের কেন্দ্রীয় সভাপতি ঘোষণা করে দেশজুড়ে ৬৪ জেলায় কমিটি গঠনের ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন এই আইনজীবী।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com