স্লোভেনিয়ার রাজধানী লিউব্লিয়ানা থেকে এবারের গন্তব্য সার্বিয়ার রাজধানী বেলগ্রেড। ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব থেকে লিউব্লিয়ানা এসেছিলাম ট্রেনে। এবার আকাশপথে এয়ার সার্বিয়ার বিমানে একটি বলকান দেশের রাজধানীতে।
ইউরোপের এই অংশে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া মানে কেবল মানচিত্রের সীমানা অতিক্রম করা নয়; কখনো কখনো ইতিহাসের ভিন্ন অধ্যায়ে প্রবেশ।
যুগোস্লাভিয়ার একসময়ের অংশ স্লোভেনিয়া ও সার্বিয়া আজ পৃথক স্বাধীন রাষ্ট্র। একই ঐতিহাসিক উত্তরাধিকার থাকা সত্ত্বেও তাদের বর্তমান রাষ্ট্রপরিচয়, নগরজীবন ও ইউরোপের সঙ্গে সম্পর্কের ধরনে রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য।
নিকোলা টেসলা বিমানবন্দর: সার্বিয়ার আকাশদ্বার
লিউব্লিয়ানা থেকে বেলগ্রেডের আকাশপথের দূরত্ব প্রায় ৪৮০ কিলোমিটার। সরাসরি বিমানে সাধারণত দেড় ঘণ্টার মতো সময় লাগে। স্বল্পদৈর্ঘ্যের এই যাত্রা শেষে অবতরণ করলাম বেলগ্রেড নিকোলা টেসলা বিমানবন্দরে। বিমানবন্দরের নামটি কেবল একটি পরিচিতি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস।
বেলগ্রেডের নগরকেন্দ্র থেকে প্রায় ১৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই বিমানবন্দর সার্বিয়ার বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরটির নামকরণের ইতিহাসও তাৎপর্যপূর্ণ। সার্ব বংশোদ্ভূত বিশ্বখ্যাত বিজ্ঞানী ও আবিষ্কারক নিকোলা টেসলার জন্ম বর্তমান ক্রোয়েশিয়ায় ১৮৫৬ সালে। পরিবর্তী প্রবাহভিত্তিক (AC) বৈদ্যুতিক ব্যবস্থার উন্নয়নে তাঁর অবদান আধুনিক সভ্যতার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
টেসলার সবচেয়ে বড় অবদানগুলোর একটি হলো আজ আমাদের ঘরবাড়ি, কলকারখানা ও নগরসভ্যতায় ব্যবহৃত আধুনিক বিদ্যুৎব্যবস্থার ভিত্তি নির্মাণে তাঁর ভূমিকা। ২০০৬ সালে তাঁর জন্মের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বেলগ্রেড বিমানবন্দরের নাম পরিবর্তন করে নিকোলা টেসলা বিমানবন্দর রাখা হয়।
আধুনিক প্রযুক্তির ওপর নির্ভর করে যে বিমান কয়েক ঘণ্টায় এক দেশ থেকে অন্য দেশে নিয়ে আসে, সেই প্রযুক্তিনির্ভর সভ্যতার বিকাশে টেসলার মতো বিজ্ঞানীদের অবদান অনস্বীকার্য। একটি বিমানবন্দর কখনো কখনো কোনো দেশের সঙ্গে প্রথম পরিচয়ের দরজা হয়ে ওঠে। বেলগ্রেড নিকোলা টেসলা বিমানবন্দরও তেমনই সার্বিয়ার বিজ্ঞান, ইতিহাস ও জাতীয় পরিচয়ের প্রতীক। এই বিমানবন্দর সার্বিয়ার জাতীয় বিমান সংস্থা এয়ার সার্বিয়ার হাব (প্রধান কেন্দ্র)।
টেসলা গাড়ির কল্যাণে ‘টেসলা’ নামটি আজ বিশ্বজুড়ে সুপরিচিত। তাই এই বিমানবন্দরে এসে কৌতূহলী মনে প্রশ্ন জাগতেই পারে—এ কি সেই টেসলা? উত্তরটি নিশ্চয়ই এতক্ষণে আপনাদের জানা হয়ে গেছে।
সারায়েভো: ইউরোপের জেরুজালেম
বেলগ্রেড
বেশ কয়েক বছর আগে পেশাগত কাজে বুলগেরিয়া যাওয়ার পথে সংক্ষিপ্ত সফরে বেলগ্রেড যাওয়ার সুযোগ হয়েছিল। গবেষণাগার থেকে বাণিজ্যিক স্কেলে ট্রায়াল দেওয়ার একটি প্রোজেক্টে সোফিয়ার উপকণ্ঠে একটি প্লান্টে কয়েক দিনের কর্মসূচিতে যাওয়ার পথে বেশ কয়েক ঘণ্টার ট্রানজিট ছিল বেলগ্রেডে।
সময়টুকু কাজে লাগালাম, ঘুরে দেখলাম একদা মার্শাল টিটোর যুগোস্লাভিয়ার রাজধানী বর্তমানে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড ডাউনটাউন। বেলগ্রেডের রাজপথ, ঐতিহাসিক স্থাপনা, দানিউব ও সাভা নদীর মিলনস্থলে গড়ে ওঠা নগরজীবনের ব্যস্ততার সঙ্গে লিউব্লিয়ানার শান্ত কোলাহলমুক্ত জীবনের পার্থক্য স্পষ্ট।
বেলগ্রেডের নগরকেন্দ্র বলকান অঞ্চলের দীর্ঘ ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সমকালীন নগরজীবনের এক অনন্য মিলনস্থল। শহরটি শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী ভূরাজনৈতিক দ্বন্দ্ব, সাম্রাজ্যের উত্থান-পতন এবং সাংস্কৃতিক আদান-প্রদানের সাক্ষী হয়ে আছে।
শহরের কেন্দ্রের রিপাবলিক স্কয়ারে রয়েছে সার্বিয়ার জাতীয় জাদুঘর এবং জাতীয় থিয়েটারের মতো গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান। চত্বরের মাঝখানে ঘোড়ার পিঠে আরোহী প্রিন্স মিহাইলো ওব্রেনোভিচের ভাস্কর্য সার্বিয়ার স্বাধীনতা ও জাতীয় ইতিহাসের স্মারক। রিপাবলিক স্কয়ার থেকে বিস্তৃত হয়েছে বিখ্যাত কনেজ মিহাইলোভা পথচারী সড়ক। ঐতিহাসিক ভবন, দোকানপাট, বইয়ের দোকান, রেস্তোরাঁ ও ক্যাফেতে সাজানো এই সড়ক বেলগ্রেডের নাগরিক জীবনের অন্যতম কেন্দ্র।
তেরাজিয়ে এলাকার ঐতিহাসিক ভবন, হোটেল, রেস্তোরাঁ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বেলগ্রেডের আধুনিক নগরজীবনের পরিচয় বহন করে। এখানকার স্থাপত্যে মধ্য ইউরোপীয় প্রভাবের পাশাপাশি সার্বিয়ার নিজস্ব ইতিহাসের ছাপও চোখে পড়ে।
বেলগ্রেডের ঐতিহাসিক দুর্গ কালেমেগদান থেকে দানিউব ও সাভা নদীর সংগমস্থলের বিস্তৃত দৃশ্য দেখা যায়। বহু শতাব্দী ধরে এই নদী দুটি শহরটির বাণিজ্য, প্রতিরক্ষা ও যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
শবে কদরে ইফতার
জুরিখ বিমানবন্দর: সুইজারল্যান্ডের প্রবেশদ্বার
স্লোভেনিয়া থেকে বেলগ্রেড হয়ে জুরিখে ওড়ার এই দফায় বেলগ্রেড শহর ঘুরে দেখার সময় হয়নি। লে-ওভার সময়টুকুতে নিকোলা টেসলা বিমানবন্দরেই ঘোরাঘুরি করলাম। প্রায় দুই ঘণ্টার এয়ার সার্বিয়ার ফ্লাইটে এসে পৌঁছালাম জুরিখ বিমানবন্দরে।
বিজনেস ট্রিপের কল্যাণে বলা যায়, দেড় দশক ধরে সুইজারল্যান্ডের নানা শহর ‘চষে বেড়াচ্ছি। পেশাগত কাজে কিংবা ট্রানজিটের প্রয়োজনে জুরিখ বিমানবন্দরে অসংখ্যবার আমার পদচারণ ঘটেছে। ফলে সুইজারল্যান্ডের বৃহত্তম আন্তর্জাতিক এই বিমানবন্দরটি আমার বেশ চেনাজানা। সুইজারল্যান্ডের জাতীয় বিমান সংস্থা সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (SWISS) প্রধান হাব এই বিমানবন্দর।
জুরিখ বিমানবন্দরে পা রাখলেই সুইজারল্যান্ডের পরিচিত কয়েকটি বৈশিষ্ট্য চোখে পড়ে যেমন পরিচ্ছন্নতা, সুশৃঙ্খল ব্যবস্থাপনা, সময়নিষ্ঠা, যাত্রীদের চলাচলের বেশ সুসংগঠিত দিকনির্দেশনা। ইউরোপের অনেক বিখ্যাত বিমানবন্দরগুলোর মতো এই বিমানবন্দরের নিচেই রয়েছে রেলস্টেশন, যেখান থেকে ট্রেনে সহজেই জুরিখসহ দেশের নানা শহরে যাওয়া যায়। ট্রাম, বাস ও রেলের সমন্বিত যোগাযোগব্যবস্থায় বিমানবন্দরটি শুধু আকাশপথের প্রবেশদ্বার নয়, গোটা দেশের পরিবহন নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ।
এক শ্রমিক নেতা আরেক পিয়ানোবাদকের দেশে
জুরিখ থেকে বাসেল: সুইস রেলপথের নৈসর্গিক সৌন্দর্য
সুইস রেলভ্রমণের খ্যাতি বিশ্বব্যাপী। রেলসেবার চেয়ে এর সুখ্যাতি প্রকৃতির নৈসর্গিক নান্দিনকতা দর্শনে। সৃষ্টিকর্তা সুইজারল্যান্ড সৃষ্টি করার সময় সম্ভবত খুব মনোযোগী ছিলেন। লেক, পাহাড় আর বিস্তীর্ণ কৃষিজমি কিংবা পশুখামারের আধুনিকায়নের মেলবন্ধনে রেলযাত্রায় মনে হয় সত্যিকারের ভূস্বর্গ। বিভিন্ন সময়ে জুরিখ জেনেভা বার্ন লুসার্ন জুগ লোজান নানা শহরে রেলযাত্রার অভিজ্ঞতায় প্রকৃতিকে উপভোগ করেছি আকণ্ঠ।
জুরিখ থেকে বাসেল—সুইজারল্যান্ডের দুটি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে রেলযাত্রা দূরত্বের বিচারে দীর্ঘ না হলেও প্রকৃতি ও জনজীবনের সৌন্দর্য উপভোগ করার জন্য বেশ মনোরম। জুরিখের ব্যস্ত নগরজীবন পেছনে ফেলে ট্রেন যখন বাসেলের দিকে ছুটতে শুরু করে, তখন জানালার ওপারে ধীরে ধীরে উন্মোচিত হয় সুইস ভূদৃশ্যের এক শান্ত, সুশৃঙ্খল ছবি।
কোথাও সবুজে মোড়া বিস্তীর্ণ তৃণভূমি, কোথাও পরিচ্ছন্ন ছোট ছোট জনপদ, আবার কোথাও ঢালু ছাদের বাড়িঘর আর দূরে গাছপালায় আচ্ছাদিত টিলা। মাঠে চরতে থাকা গবাদিপশু, সারি সারি গাছের ফাঁকে দেখা দেওয়া খামারবাড়ি এবং ফুলে সাজানো বাড়ির বারান্দা—সব মিলিয়ে মনে হয়, প্রকৃতি আর মানুষের বসতি এখানে পরস্পরের পরিপূরক।
সুইজারল্যান্ডের সৌন্দর্য শুধু আকাশছোঁয়া আল্পস পর্বতমালায় সীমাবদ্ধ নয়। দেশটির সাধারণ গ্রামাঞ্চল, কৃষিজমি, ছোট রেলস্টেশন এবং সুশৃঙ্খল জনপদেও লুকিয়ে আছে একধরনের মুগ্ধতা। ট্রেনের জানালা দিয়ে তাকিয়ে থাকতে থাকতে মনে হয়, উন্নত জীবনযাত্রা আর প্রকৃতির সান্নিধ্যকে পাশাপাশি ধরে রাখার এক অনন্য দৃষ্টান্ত এই দেশ। কোথাও আধুনিক স্থাপনা, কোথাও ঐতিহ্যবাহী বাড়িঘর—দুটিই যেন নিজ নিজ বৈশিষ্ট্য বজায় রেখে একই ভূদৃশ্যের অংশ হয়ে আছে।
জুরিখ থেকে বাসেলের পথে ট্রেনটি আর্গাউ অঞ্চলের লেনৎসবুর্গ ও আরাউয়ের মতো ঐতিহাসিক পুরোনো জনপদ পেরিয়ে এগিয়ে চলে বাসেল-ল্যান্ডশাফট অঞ্চলের দিকে। যাত্রাপথে কখনো চোখে পড়ে আঙুরের সারি সারি বাগান, কখনো বা দিগন্তজুড়ে সবুজ টিলার মৃদু হাতছানি। এই পথের সৌন্দর্য নাটকীয় পাহাড়ি দৃশ্যের চেয়ে অনেক বেশি দৈনন্দিন সুইস জীবনের পরিচ্ছন্নতা ও প্রশান্তির মধ্যে নিহিত।
অবশেষে বাসেল স্টেশনে। বাসেল রেলস্টেশন থেকে হেঁটে হেঁটে মিনিট বিশেকে চলে গেলাম হোটেলে।
টেসলা বিমানবন্দরে লেখক
বাসেল: রাইন নদীর তীরে এক ঐতিহাসিক শহর
সুইজারল্যান্ডের উত্তর-পশ্চিম প্রান্তে, রাইন নদীর তীরে অবস্থিত বাসেল জুরিখ আর জেনেভার পর সুইজারল্যান্ডের তৃতীয় বৃহত্তম শহর। সুইজারল্যান্ড, জার্মানি ও ফ্রান্স—তিন দেশের সীমান্ত যেখানে কাছাকাছি এসে মিলেছে, সেই ইউরোপীয় ভূখণ্ডে বাসেল যেন তিন সংস্কৃতির এক সেতুবন্ধন।
বাসেলের ভৌগোলিক অবস্থানের এক চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে ট্রামে চড়তে চড়তে কিংবা পায়ে হেঁটে চলতে চলতেই কখন যে সুইজারল্যান্ডের সীমানা পেরিয়ে ফ্রান্সে ঢুকে পড়বেন, তা হয়তো টেরও পাবেন না।
বাসেল সুইজারল্যান্ডের ইতিহাস, শিল্প ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। সুইস শৃঙ্খলা, ফরাসি শিল্পরুচি আর জার্মান সাংস্কৃতিক ঐতিহ্যের নানা অনুষঙ্গ মিলেমিশে শহরটিকে দিয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। আধুনিক স্থাপত্য, আন্তর্জাতিক বাণিজ্য ও ওষুধশিল্পের ব্যস্ততা, অন্যদিকে মধ্যযুগের পুরোনো শহর, ঐতিহাসিক গির্জা, সরু পাথুরে গলি আর শতাব্দীপ্রাচীন ভবন।
একাধিকবার আসতে হয়েছে এই শহরে করপোরেট মিটিংয়ের জন্য। বাসেলের পুরোনো শহর পায়ে হেঁটে ঘুরে দেখার জন্য বিশেষভাবে আকর্ষণীয়।
মার্কটপ্লাৎস বা বাজার চত্বরের লাল রঙের টাউন হল ভবনটি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। কাছাকাছি সরু গলিপথ ধরে এগিয়ে গেলে চোখে পড়ে স্পালেনটর—মধ্যযুগীয় নগরপ্রাচীরের স্মৃতিবাহী এক ঐতিহাসিক প্রবেশদ্বার।
বাসেলের অন্যতম প্রধান ঐতিহাসিক নিদর্শন হলো মিনস্টার বা বাসেল ক্যাথেড্রাল। লালচে বেলেপাথরের দেয়াল, সুউচ্চ দুটি টাওয়ার এবং রঙিন ছাদের অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা এই স্থাপনা শহরের আকাশরেখায় স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে। রোমানেস্ক ও গথিক স্থাপত্যশৈলীর মেলবন্ধনে নির্মিত ক্যাথেড্রালটি বহু শতাব্দী ধরে বাসেলের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
ক্যাথেড্রালের সামনের চত্বর থেকে চারপাশের ঐতিহাসিক স্থাপত্য উপভোগ করা যায়। তবে এর পেছনের ফালৎস (Pfalz) প্রাঙ্গণে গেলে চোখে পড়ে নিচে বয়ে চলা রাইন নদী, দুই তীরের সারি সারি ভবন এবং নদীর ওপারে বিস্তৃত নাগরিক দৃশ্যের এক অপূর্ব পটভূমি।
রাইন নদী
শহর চিরে বহে যাওয়া খরস্রোতা রাইন নদী খুব সুন্দর এই শহরে অন্য মাত্রা যোগ করেছে। পশ্চিম ইউরোপের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নদী রাইন (Rhine) সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার গ্রাউবুন্ডেন থেকে উৎপত্তি হয়ে লিখেনস্টাইন, অস্ট্রিয়া, জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডের মধ্যে দিয়ে ১ হাজার ২৩০ কিলোমিটার প্রবাহিত হয়ে অবশেষে পতিত হয়েছে উত্তর সাগরে।
বাসেলকে বুঝতে হলে রাইন নদীকে বুঝতে হবে। নদীটি শুধু শহরের প্রাকৃতিক সৌন্দর্যের অংশ নয়; এর ইতিহাস, বাণিজ্য এবং নাগরিক জীবনের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে। বাসেল শহরে এই নদীর ওপর পাঁচটি সেতু আছে। মিটলেরে ব্র্যুকে যার অর্থ মধ্যবর্তী সেতু (Middle Bridge) শহরের অন্যতম ঐতিহাসিক ও পরিচিত ল্যান্ডমার্ক। ১২২৬ সালে নির্মিত মূল সেতুটি ছিল রাইন নদীর ওপর বাসেলের প্রথম স্থায়ী সেতু। বর্তমান সেতুটি ১৯০৫ সালে নির্মিত।
এই সেতুর আশপাশে নদীর দুই তীরে রেস্তোরাঁপাড়া। কলিগদের সঙ্গে সান্ধ্য আড্ডা আর নৈশভোজের খুব জনপ্রিয় স্পট এটি। আবহাওয়া অনুকূলে থাকলে নদীতীরের পথে হাঁটা, কোনো বেঞ্চে বসে সময় কাটানো কিংবা সেতুর ওপর দাঁড়িয়ে শহরের দৃশ্য উপভোগ করা—এসবের মধ্যেই বাসেলকে অনুভব করার আনন্দ।
প্রথম দেখায় সম্ভব হলে নদীর জল দুহাত ভরে তুলে নেওয়া আমার শখ, অনুভবের আনন্দ। বিশ্বসভ্যতার বিকাশ তো নদীকেন্দ্রিক। এশিয়া, আফ্রিকা, ইউরোপ কিংবা আমেরিকা—চার মহাদেশের বহু নদীর সঙ্গে এভাবেই আমার প্রথম দেখা, সখ্য। রাইন নদীও তার ব্যতিক্রম নয়। বন্ধু ও সহকর্মীদের সতর্কতা উপেক্ষা করিনি, বরং সমীহ করে সাবধানে খরস্রোতা রাইনের পানিতে নেমেছি, দুহাত ভরে তার জল ছুঁয়ে দেখার সেই অদম্য শখ পূরণ করতে।
আসলে রাইন নদীর সঙ্গে আমার প্রথম দেখা ২০০৫ সালে জার্মানির ডুসেলডর্ফে। আমি তখন জাপানে কর্মরত। মিৎসুবিশি করপোরেশনের ডুসেলডর্ফ অফিসে কর্মসূচি ছিল। ডুসেলডর্ফে প্রচুর জাপানি করপোরেট অফিস রয়েছে। সেই দফায় রাইন নদীর জল স্পর্শ করার সুযোগ হয়নি।
রাইন নদীর নামের এক বাঙালি মেয়ের গল্প
বাসেলে রাইন নদীর পানি ছোঁয়ার পর রাইন নদী নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। এই পোস্ট দেওয়ার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আমার এক ছোট বোন সৈয়দা রেহানা রাইন (বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক) একটি মন্তব্য করেছিল। গভীর জীবনবোধের এই মন্তব্যটি আজও আমার মনে গেঁথে আছে।
রাইন তার বাবার কথা বলেছিল—বাবার আধুনিক মানসিকতা, উদার চিন্তা ও দূরদৃষ্টির কথা। বাংলাদেশের এক গ্রামীণ পরিবেশে বসবাস করেও সেই বাবা তাঁর আদরের কন্যার নাম রেখেছিলেন সুদূর ইউরোপের বিখ্যাত রাইন নদীর নামে। ভাবনার ব্যাপ্তি ও স্বপ্নের সীমানা যে ভৌগোলিক অবস্থানের মধ্যে আটকে থাকে না, এটি তারই এক অনন্য উদাহরণ।
রেহানা রাইন যেন বাবার সেই দূরদৃষ্টির যথার্থ সম্মান রেখেছে। নামের নদীটির মতোই সে প্রবাহিত হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির পথে, বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে লাইফ সায়েন্সের একটি জটিল শাখায় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছে, হয়ে উঠেছে বাবাদের রাজকন্যাদের জন্য এক অনুপ্রেরণার নাম, এক রোল মডেল।
একটি নামের মধ্যে লুকিয়ে থাকা স্বপ্ন যেন সময়ের পরিক্রমায় বাস্তবতার মাটিতে শিকড় গেড়ে পত্রপল্লবে বিকশিত হয়েছে।
বাসেলে রাইন নদীর পারে শবে কদর
পেশাগত কাজে ২০২৫ সালে রোজার শেষ দিকে কয়েক দিনের জন্য বাসেলে থাকতে হয়েছিল। তিউনিসিয়া থেকে মাল্টা হয়ে বাসেলে আসা, আর ঈদের আগেই মন্ট্রিয়লে ফিরে যাওয়া। শবে কদরের রাতে বাসেলে অবস্থান করার সুযোগে সেখানকার মুসলিম কমিউনিটির ধর্মীয় চর্চা কাছ থেকে দেখার একটা আগ্রহ তৈরি হয়েছিল।
শবে কদরের রাত। সহকর্মীদের সঙ্গে যথারীতি নৈশভোজের কর্মসূচি ছিল। ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকর্মীদের বলয় থেকে আগেভাগেই বিদায় নিলাম। দিনের আলো পুরোপুরি নিভে যাওয়ার আগেই মসজিদের পথে যাত্রা শুরু করলাম।
পানামা সিটি থেকে কোপেনহেগেন, টরন্টো—দেশে দেশে রোজার সময় মসজিদে ইফতার করার মধুর অভিজ্ঞতা হয়েছে বহুবার। সেই দুর্বার আকর্ষণ থেকেই শবে কদরের রাতে বাসেলের কোনো একটি মসজিদে ইফতার করার সিদ্ধান্ত নিয়েছিলাম।
বাসেলে বেশ কয়েকটি মসজিদ রয়েছে। গুগল ম্যাপে হোটেলের কাছাকাছি একটি মসজিদ খুঁজে পেলাম। দূরত্ব দেখে বুঝলাম, হেঁটে যেতে হবে প্রায় দুই কিলোমিটার।
হোটেল থেকে বেরিয়ে একটি সেতু পার হয়ে রাইন নদীর অপর পারে পৌঁছালাম। গন্তব্য ক্যাসার্ন মসজিদ (Kaserne Moschee)। সেখানেই ইফতারের আয়োজন। তুর্কি মুসলিম অভিবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত এই সুন্নি মসজিদটি প্রায় চার দশকের পুরোনো।
খেজুর, রুটি আর দুধ দিয়ে ইফতার। এরপরপরই মাগরিবের নামাজ। নামাজ শেষে থালায় সাজানো রাতের খাবার, তারপর তুর্কি চায়ের পর্ব। খাবারের পর শবে কদর উপলক্ষে এশার নামাজের আগপর্যন্ত ইমাম সাহেবের বয়ান ও দীর্ঘ মোনাজাত চলল।
মসজিদের সাজসজ্জা ও ব্যবস্থাপনায় অটোমান ঐতিহ্যের আভিজাত্য বেশ স্পষ্ট। মসজিদের প্রথম তলায় পুরুষদের, আর দোতলায় নারীদের বিপুল উপস্থিতি। মসজিদের রান্নাঘর এলাকায় তুর্কি বয়োজ্যেষ্ঠ কয়েকজন মুসল্লির সঙ্গে খানিকটা আড্ডাও জমে উঠল। মসজিদের জানালা দিয়ে বাইরে তাকাতেই চোখে পড়ল রাতের রাইন নদী। দিনের বেলায় যে নদীকে দেখেছি রাতের আলো-আঁধারিতে তার রূপ যেন অন্য রকম।
ইফতারের পর মসজিদ চত্বরে কথা হলো বেশ কয়েকজন বাংলাদেশি মুসল্লির সঙ্গে। তাঁরা মূলত উন্নত মানের ইফতারের আকর্ষণেই এই মসজিদে আসেন। মাগরিবের নামাজ পড়ে পরে অন্য মসজিদে যান তারাবিহ আদায় করতে।
বেশ কিছুক্ষণ গল্প হলো তাঁদের সঙ্গে। ইউরোপে বাংলাদেশিদের থিতু হওয়ার কিংবা টিকে থাকার সংগ্রামের গল্প একেকজনের একেক রকম। কিন্তু সবার গল্পের উপসংহারে যেন একটা মিল খুঁজে পাওয়া যায়—একটি ভালো চাকরি, পরিবারের সঙ্গে এক ছাদের নিচে থাকার নিশ্চয়তা এবং একটু স্বস্তির জীবনের প্রত্যাশা।
আমার ভ্রমণ সাধারণত ইতিহাস, প্রকৃতি ও মানুষের জীবনকে কাছ থেকে জানার আকাঙ্ক্ষায় পরিচালিত হয়। দূরদেশের এক মসজিদে, এক পবিত্র রাতে, নদীর পার ধরে হোটেলে ফিরতে ফিরতে মনে হলো—দেশ, ভাষা ও সংস্কৃতির পার্থক্য থাকলেও মানুষের কিছু আকাঙ্ক্ষা আর বিশ্বাস কত সহজেই একসুতোয় গাঁথা পড়ে।
বাসেল
সুইস রাইন থেকে জার্মানির মেইন নদীর পারে
সুইজারল্যান্ডের এক শহর থেকে আরেক শহরে ট্রেনে চড়ার অভিজ্ঞতা আমার অসংখ্যবার হয়েছে। জুরিখ থেকে জেনেভা, জুরিখ থেকে জুগ, জুরিখ থেকে লিশটেনস্টাইনের পথে, বাসেল থেকে রাজধানী বার্ন হয়ে জেনেভা—কত রকমের যাত্রা! আবার জেনেভা থেকে আল্পস পর্বতমালার বুক চিরে, পাহাড়ের গা ঘেঁষে আঁকাবাঁকা রেলপথ ধরে ইতালির মিলান।
প্রতিটি যাত্রার দৃশ্যপট আলাদা, প্রকৃতির রূপ আলাদা, আর প্রতিটির সঙ্গে জড়িয়ে আছে ভিন্ন ভিন্ন স্মৃতি। সুইজারল্যান্ডের রেলপথের দুপাশে ছড়িয়ে থাকা হ্রদগুলোর সৌন্দর্যও ভোলার নয়। কোনো কোনো হ্রদের এক পারে চলন্ত ট্রেন, অন্য পারে সুইস আল্পসের অপরূপ দৃশ্য; আবার কোথাও লেকের স্বচ্ছ পানিতে বরফের টুপি পরা আল্পসের প্রতিচ্ছবি।
সুইজারল্যান্ডের এমন বৈচিত্র্যময় নৈসর্গিক রেলযাত্রা নিয়ে আগেও লিখেছি, সামনেও লিখব আশা করি। বাসেল থেকে লেক জেনেভার পাশ দিয়ে জেনেভা-যাত্রা, আল্পসের বুক চিরে মিলান কিংবা লেক জুরিখ, লেক জুগ, লেক লুসার্নের অপরূপ সৌন্দর্য—এসব অভিজ্ঞতা আলাদা করে না লিখলেই নয়।
তবে আপাতত এই লেখায় বাসেল থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্ট পর্যন্ত রেলযাত্রা অভিজ্ঞতায় সীমাবদ্ধ থাকছি।
বাসেল রেলস্টেশন থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্ট। ট্রেনের টিকিট আগেই কেটে রেখেছিলাম। টিকিট কাটতে গিয়ে মনোযোগের অভাবে একটি বিপত্তি ঘটেছিল। আমার ট্রেন ছিল বিকেল পাঁচটায়, অর্থাৎ ৫ পিএম। কিন্তু টিকিট ক্লার্ক কাটার সময় ভুল করে ৫ এএম—অর্থাৎ ভোর পাঁচটার টিকিট কেটে দিয়েছিল।
যাত্রার দিন টিকিট অফিসে গিয়ে সমস্যার সমাধান করতে চাইলাম, কিন্তু ততক্ষণে সকালের ট্রেনের সময় পেরিয়ে যাওয়ায় টিকিটটি তামাদি হয়ে গেছে। শেষ পর্যন্ত নতুন করে টিকিট কাটতে হলো। অবশ্য পেশাগত দায়িত্বে ভ্রমণ করছিলাম বলে নিজের পকেট থেকে মানবিক ভুলের এই অসাবধানতার আর্থিক খেসারত দিতে হয়নি!
সুইজারল্যান্ডের রাইন নদীর তীরের বাসেল থেকে জার্মানির মেইন নদীর তীরের ফ্রাঙ্কফুর্ট। ট্রেনে সময় লাগে ঘণ্টা তিনেকের মতো। মেইন নদী ফ্রাঙ্কফুর্ট শহরের বুক দিয়ে প্রবাহিত হয়ে মাইনৎসের কাছে গিয়ে রাইন নদীতে মিশেছে। ফ্রাঙ্কফুর্টের ইতিহাস, ঐতিহ্য ও নগরসভ্যতার সঙ্গে এই মেইন নদীর সম্পর্ক গভীর।
ট্রেনে ইফতারি আর ফ্রাঙ্কফুর্ট
ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে অস্তগামী সূর্যের অপেক্ষায় ইফতারের প্রস্তুতি নিলাম। বাসেল স্টেশন থেকেই ইফতারের জন্য ফলের জুস ও রুটি কিনে রেখেছিলাম। চলন্ত ট্রেনের জানালা দিয়ে দেখা যাচ্ছিল সূর্যাস্তের আয়োজন। পশ্চিম আকাশে সূর্যের শেষ আলোটুকু মিলিয়ে যাওয়ার অপেক্ষায় ছিলাম। ভিনদেশের রেলপথে, চলন্ত ট্রেনের জানালায় সূর্যাস্তের দৃশ্যের সঙ্গে ইফতারের এ মুহূর্তটিও ভ্রমণের স্মৃতিতে আলাদা জায়গা করে নিয়েছে।
ফ্রাঙ্কফুর্ট কেন্দ্রীয় রেলস্টেশনের সঙ্গে আমার পরিচয় প্রায় ২৫ বছর আগের। জাপানে পোস্টডক্টরাল গবেষণার সময় বার্লিনে একটি আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলনে আমার গবেষণাপত্র উপস্থাপনের সুযোগ হয়েছিল। সেই প্রথম ফ্রাঙ্কফুর্ট আসা। এই স্টেশন থেকেই ট্রেনে চড়ে বার্লিনের উদ্দেশে যাত্রা করেছিলাম। তারপর বহুবার এই স্টেশনে পদচারণ।
রোজার মাসে ভিনদেশে মুসাফিরের খাবার খোঁজার বিষয়টি একটু খুঁতখুঁতে হয়েই করতে হয়। তবে ফ্রাঙ্কফুর্টের প্রধান রেলস্টেশনের আশপাশের অলিগলিতে পাকিস্তান ও ভারতীয় উপমহাদেশের খাবারের বেশ কিছু ভালো রেস্তোরাঁ রয়েছে। বাইরে থেকে দেখে একটি পছন্দ হলো, ঢুকে পড়লাম রেস্তোরাঁ লাহোরে। দীর্ঘ রেলযাত্রার পর পরিচিত উপমহাদেশীয় খাবারের স্বাদ যেন কিছুটা ঘরের কাছাকাছি নিয়ে গেল, নেহারির পরিবেশনা আর স্বাদ ছিল অপূর্ব। রাত্রিযাপন ছিল স্টেশনের কাছেই হোটেল ফ্রাঙ্কফুর্টে।
পরদিন সাতসকালে প্রধান রেলস্টেশন থেকে ট্রেনে মাত্র ১০ মিনিটের যাত্রায় ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর। চেক-ইন শেষে চলে গেলাম এয়ার কানাডার লাউঞ্জে। ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে এয়ার কানাডার নিজস্ব লাউঞ্জটি লুফথান্সার সিনেটর লাউঞ্জগুলোর মতো বিশাল নয়, তবে এর ক্ল্যাসিক ইন্টেরিয়র ডিজাইন বেশ আকর্ষণীয়। এয়ার কানাডার ফ্লাইটে আটলান্টিক পেরিয়ে নিজের শহর মন্ট্রিয়লে ফেরা।
* লেখক: শোয়েব সাঈদ, কানাডার মন্ট্রিয়লে একটি বহুজাতিক করপোরেটে ডিরেক্টর হিসেবে কর্মরত।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা
গৌরীপুরের মিনি গার্মেন্টস শিল্প: পুঁজি সংকটে ধুঁকছে ঐতিহ্যবাহী দর্জি শিল্প
আজ রেল দিবস: বাংলাদেশে রেলওয়ের ১৬৪ বছরের পথচলা