রোববার, ১৫ নভেম্বর ২০২৬
Logo
×

শূন্যে স্টারশিপকে কব্জায় নিয়ে ইতিহাস গড়ল স্পেসএক্স

Icon প্রথম সমাচার ডেস্ক

সর্বশেষ ইপেপার জুলাই বিপ্লব জাতীয় বাণিজ্য রাজনীতি সারা দেশ বিনোদন বিশ্ব খেলা ইসলাম ও জীবন ফিচার আমার দেশ পরিবার মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসার সময় মাঝআকাশেই বিশাল যান্ত্রিক বাহু দিয়ে স্টারশিপ মহাকাশযানকে ধরে নতুন ইতিহাস গড়েছে ইলন মাস্কের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্স।

শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্টারবেসে এ ঘটনা ঘটে। মহাকাশে যাত্রার ২২ ঘণ্টা পর ফিরে এসে লঞ্চপ্যাডের ওপর থাকা দুটি বিশাল যান্ত্রিক বাহুর মধ্যে নিখুঁতভাবে আটকা পড়ে স্টারশিপ। মহাকাশ থেকে ফিরে আসা স্টারশিপকে এভাবে ধরে ফেলার ঘটনা এটিই প্রথম।

মেঘলা আকাশের মধ্য দিয়ে ধীরে ধীরে নিচে নেমে আসে মহাকাশযানটি। এরপর লঞ্চপ্যাড-২-এর ওপর থাকা দুটি যান্ত্রিক বাহুর (চপস্টিক আর্মস) মাঝখানে মসৃণভাবে অবস্থান নেয় এটি। এ সাফল্যের পরপরই স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক তার দলকে অভিনন্দন জানান।

স্পেসএক্সের কর্মকর্তারা বলেছেন, এই সফল অভিযান স্টারশিপের সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তির সক্ষমতা প্রমাণ করেছে। দ্রুত এবং কম খরচে রকেট ও মহাকাশযান পুনরায় ব্যবহারের জন্য এ প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে এবার স্পেসএক্সের লক্ষ্য পুরোপুরি পূরণ হয়নি। কারণ, শুক্রবার টেক্সাস থেকে উৎক্ষেপণের কিছুক্ষণ পরই রকেটের প্রথম ধাপের বুস্টারটি বিস্ফোরিত হয়। ফলে একই অভিযানে মহাকাশযান ও বুস্টার—দুটিকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা সফল হয়নি।

উৎক্ষেপণের পর প্রথম ধাপের বুস্টার থেকে সফলভাবে বিচ্ছিন্ন হয়ে যায় স্টারশিপের ওপরের অংশ। এরপর মহাকাশযানটি কক্ষপথে পৌঁছে ২৬টি উন্নত স্টারলিংক স্যাটেলাইট ছেড়ে দেয়।

স্পেসএক্সের কর্মকর্তা কেট টাইস জানান, পৃথিবীতে ফিরে আসার পথে মহাকাশযানটির ইঞ্জিন নির্ধারিত সময়ের আগেই কাজ বন্ধ করে দেয়। অন্যদিকে, বুস্টারের দিকনির্দেশনা ব্যবস্থা বুঝতে পারে যে সেটি সঠিক অবস্থানে নেই। এ কারণে স্বয়ংক্রিয়ভাবে সেটিকে নির্ধারিত অবতরণপথ থেকে সরিয়ে পানিতে নামানোর ব্যবস্থা নেওয়া হয়। পরে বুস্টারটি ধ্বংস হয়ে যায়। প্রকৌশলীরা এখনো এ ঘটনার কারণ অনুসন্ধান করছেন।

শুক্রবার বুস্টার উদ্ধারের চেষ্টা ব্যর্থ হলেও এর আগে স্পেসএক্স তিনবার সফলভাবে বুস্টার ধরে ফেলেছে। এর মাধ্যমে তাদের এই প্রযুক্তির কার্যকারিতা আগেই প্রমাণিত হয়েছে।

এদিকে স্টারশিপের এই সাফল্যকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চলতি দশকের শেষ দিকে আর্টেমিস কর্মসূচির আওতায় নভোচারীদের চাঁদে অবতরণ করানোর জন্য স্টারশিপ তৈরি করছে স্পেসএক্স। এ প্রকল্পে নাসা প্রতিষ্ঠানটিকে কয়েক বিলিয়ন ডলার অর্থ দিচ্ছে।

নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘এটা প্রায় জাদুর মতো ছিল।’

এবারের অভিযানে স্টারশিপ পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করেছে। প্রতিবার পৃথিবী থেকে এর দূরত্ব ছিল প্রায় ২৬৫ কিলোমিটার বা ১৬৫ মাইল। আগের অভিযানে এটি মাত্র এক থেকে দুইবার পৃথিবী প্রদক্ষিণ করতে পেরেছিল। ফলে এবারের অভিযান আগেরটির তুলনায় বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

স্পেসএক্স জানিয়েছে, মহাকাশযানটির গুরুত্বপূর্ণ তাপরোধী আবরণসহ (হিট শিল্ড) অন্যান্য সব ব্যবস্থা ঠিকভাবে কাজ করেছে বলে মনে হচ্ছে।

২০২৩ সালে পূর্ণাঙ্গ স্টারশিপের পরীক্ষামূলক উড্ডয়ন শুরু হওয়ার পর এটি ছিল মহাকাশযানটির ১৫তম উড্ডয়ন। তবে পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর মতো অভিযান এটি দ্বিতীয়বারের মতো সম্পন্ন করল।

১২৪ মিটার বা ৪০৭ ফুট উচ্চতার স্টারশিপ বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট। চাঁদ ও মঙ্গলে মানুষ এবং মালামাল পাঠানোর লক্ষ্য নিয়ে এটি তৈরি করা হয়েছে।

স্পেসএক্স জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকেও স্টারশিপ উৎক্ষেপণ শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com