প্রথম সমাচার ডেস্ক:
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে আজ সোমবার তৃতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছে নিম্নতম মজুরি বোর্ড। সভায় মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব জমা দেবে। এর আগে গত সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি মাসে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানিয়েছিলেন।
বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে এই মজুরিকাঠামো কার্যকর হয়। আগে পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠন করা হলেও বর্তমান বিএনপি সরকার শ্রম আইন সংশোধন করে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা তিন বছর করেছে। সেই হিসাবে আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকর হওয়ার কথা।
এদিকে আন্তর্জাতিক বাজারের তুলনায় বাংলাদেশের পোশাকশ্রমিকদের মজুরি এখনো কম। পোশাকের বড় ক্রেতা সুইডেনভিত্তিক এইচঅ্যান্ডএম গ্রুপের গত মার্চের হালনাগাদ তথ্য অনুযায়ী, চীন, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, ভারত ও তুরস্ক এই সাত দেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাংলাদেশের চেয়ে বেশি।
এইচঅ্যান্ডএমের তথ্য বলছে, বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১০২ মার্কিন ডলার। ভারতে তা ১২৪ ডলার, পাকিস্তানে ১৩৫ ডলার, ভিয়েতনামে ১৬৩ ডলার, ইন্দোনেশিয়ায় ১৭২ ডলার, কম্বোডিয়ায় ২০৮ ডলার ও চীনে ২৯৪ ডলার।
দেশের অন্যান্য শিল্প খাতের সঙ্গেও পোশাকশ্রমিকদের মজুরির ব্যবধান রয়েছে। ট্যানারি, জাহাজভাঙা, করাতকল ও নির্মাণশিল্পে ন্যূনতম মজুরি পোশাকশিল্পের চেয়ে বেশি।
গত মাস থেকে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন তৈরি পোশাকশ্রমিকেরা। এর পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত সোমবার বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব জমা দেয়।
শ্রমিকপক্ষ প্রস্তাব দিলেও তা মালিকপক্ষের প্রস্তাবে বড় অঙ্কের মজুরি বৃদ্ধির সম্ভাবনা কম। তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আগের মজুরি বোর্ডগুলোর মতো এবারও শুরুতে তুলনামূলক কম মজুরি প্রস্তাব করার কৌশল নিতে পারেন মালিকেরা। পরে আলোচনা ও পরিস্থিতি বিবেচনায় প্রস্তাব বাড়ানোর পথে হাঁটতে পারেন তারা।
অতীতের পাঁচটি মজুরি বোর্ডের অভিজ্ঞতাও সে ইঙ্গিত দেয়। প্রতিবারই শ্রমিকপক্ষের দাবির অর্ধেক বা তার চেয়ে কম মজুরি প্রস্তাব করেছিলেন মালিকেরা। এতে শ্রমিকদের প্রত্যাশার সঙ্গে মালিকপক্ষের প্রস্তাবের বড় ব্যবধান তৈরি হয়। অনেক ক্ষেত্রে এই ব্যবধান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের কারণ হয়েছে। পরে আন্দোলন ও দর-কষাকষির মধ্য দিয়ে প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে সম্মত হন মালিকেরা।

কোনাবাড়ীতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
পিরোজপুরে বিএনপির দুই নেতার বাড়ি ও কার্যালয়ে হামলা, আগুন
সংসদে আজ তিনটি বিল উত্থাপন ও পাসের প্রস্তাব