সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Logo
×

জনগণ বিএনপিকে ‘ফেসবুক সরকার’ হিসেবে দেখতে চায় না : আশরাফ মাহদি

Icon প্রথম সমাচার ডেস্ক

জনগণ বিএনপিকে ‘ফেসবুক সরকার’ হিসেবে দেখতে চায় না, বরং আওয়ামী লীগের সন্ত্রাস নির্মূলে কার্যকর পদক্ষেপ দেখতে চায় বলে মন্তব্য করেছেন মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী।

তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা বা পুনর্মিলনের আগে দলটির দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন, রাজনৈতিক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে হবে।

সোমবার (১৬ নভেম্বর) ‘আওয়ামী সন্ত্রাস, আওয়ামী পনা ও ফ্যাসিবাদবিরোধী বর্ষা বিপ্লব-পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মিনহাল এ বৈঠকের আয়োজন করে।

গোপালগঞ্জে সাম্প্রতিক আওয়ামী লীগের সহিংসতার প্রসঙ্গ তুলে আশরাফ মাহদি বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া একসময় বলেছিলেন, ‘গোপালগঞ্জ আর থাকবে না’। প্রধানমন্ত্রী তারেক রহমানের উচিত তার সেই বক্তব্যকে ওসিয়তনামা হিসেবে গ্রহণ করা।

ময়মনসিংহে সাত বছরের মেয়ের সামনে স্বেচ্ছাসেবক দল নেতা মো. সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থামিয়ে তার মেয়ের সামনেই সুরুজ জামানকে হত্যা করা হয়েছে। এ ধরনের নৃশংস ঘটনা প্রমাণ করে, আওয়ামী লীগ অনুতপ্ত নয়।

সরকারের ভূমিকার সমালোচনা করে আশরাফ মাহদি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা বা প্রতিক্রিয়া তৈরি হওয়ার পর সরকার ব্যবস্থা নেয়। খুনি জিয়াউল আহসান গ্রেপ্তার হওয়ার পরও দোর্দণ্ড প্রতাপে চলাফেরা করছিলেন- এ নিয়ে জনগণের ক্ষোভের পর সরকার ব্যবস্থা নিয়েছে। জনগণ বিএনপিকে কেবল একটি ‘ফেসবুক সরকার’ হিসেবে দেখতে চায় না। আওয়ামী লীগের সন্ত্রাসীদের নির্মূলে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ভারতের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারত এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আওয়ামী লীগের রাজনৈতিক মনোবল ধরে রাখা এবং নেতাকর্মীদের আশ্বস্ত করার উদ্দেশ্যে ভারতের গণমাধ্যমে বিভিন্ন বক্তব্য প্রকাশ করা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, ভারতের গণমাধ্যমে আওয়ামী লীগের সহিংসতাকে গণতান্ত্রিক আন্দোলন ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এভাবে আওয়ামী লীগকে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। অথচ নতুন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সম্পূর্ণ অপ্রাসঙ্গিক।

মিনহালের সম্পাদক ইউসুফ আম্মারের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, ডেইলি ওয়াদার সম্পাদক ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ও দলীয় মুখপাত্র ফারুক হাসান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সংগঠক ও রাজনীতিক সামান্তা শারমিন এবং ডেল এইচ খান।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com