মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে আজ থেকে যুক্তরাষ্ট্র ইরানকে ধ্বংস করার সময়সীমা ছিল। এর মধ্যে পাকিস্তানের মধ্যস্ততায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। যুদ্ধ বিরতিতে এ সম্মত হওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করা হলে দেশটির সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরক্ষামূলক অভিযান স্থগিত করবে।
এক বিবৃতিতে তিনি জানান, যুদ্ধ বন্ধে মধ্যস্থতার জন্য শেহবাজ শরিফ এবং আসিম মুনির–এর প্রতি ইরানের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হচ্ছে। তাদের উদ্যোগকে তিনি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
আরাগচি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর আহ্বান, যুক্তরাষ্ট্রের প্রস্তাব এবং ইরানের নিজস্ব প্রস্তাবের কাঠামোর আলোকে আলোচনার পথ তৈরি হয়েছে। এর ভিত্তিতেই যুদ্ধবিরতির বিষয়ে সম্মতি এসেছে।
তিনি আরও জানান, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ থাকলে দেশটির সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরক্ষামূলক তৎপরতা বন্ধ রাখবে। এছাড়া আগামী দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালি (Strait of Hormuz) দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়েও আশ্বাস দিয়েছেন তিনি। এ সময় ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন।
