প্রথম সমাচার ডেস্ক:
পাহাড়ের চেনা পথ ছেড়ে লোকালয়ে নেমে এসেছে দুটি বন্য হাতি। তাদের মধ্যে স্ত্রী হাতিটির পেছনের ডান পা গুরুতর আহত। পায়ের চামড়া উঠে গেছে, ক্ষত নিয়ে ঠিকমতো হাঁটতেও পারছে না। কিন্তু এই দুর্দিনে তাকে এক মুহূর্তের জন্যও একা হতে দিচ্ছে না পুরুষ হাতিটি। কখনো পাশাপাশি হাঁটছে, কখনো থেমে দাঁড়াচ্ছে আহত সঙ্গীর অপেক্ষায়। স্ত্রী হাতিটি চলতে কষ্ট পেলে তার পাশেই অবস্থান করছে পুরুষ হাতিটি।
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া উপকূলীয় এলাকায় গত কয়েক দিন ধরে দেখা যাচ্ছে হাতি দুটিকে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ছয়টার দিকে তারা বাহারছড়া পাহাড় থেকে নেমে আসে লোকালয়ে। এরপর থেকে জাহাজপুরা ইকো-পার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছে।
হাতি দুটির এমন দৃশ্য স্থানীয় মানুষের মনে কৌতূহলের পাশাপাশি গভীর মায়ার জন্ম দিয়েছে। বিশেষ করে আহত স্ত্রী হাতিটির প্রতি পুরুষ হাতিটির নিবিড় সঙ্গ স্থানীয়দের আবেগাপ্লুত করছে।
স্থানীয়দের ধারণা, আহত সঙ্গীকে নিয়ে পুরুষ হাতিটি হয়তো চিকিৎসা কিংবা নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয়ে এসেছে। যদিও হাতি দুটির লোকালয়ে নেমে আসার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, স্ত্রী হাতিটির পেছনের ডান পায়ের চামড়া উঠে গেছে। ক্ষতটি বেশ গুরুতর। এ কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না হাতিটি। হাঁটার সময় বারবার থেমে যেতে হচ্ছে। আর পুরো সময়টাতেই তার পাশে থাকছে পুরুষ হাতিটি।
কীভাবে আহত হলো হাতিটি, তা নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন। স্থানীয়দের কেউ কেউ আশঙ্কা করছেন, পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসী, অপহরণকারী কিংবা মানব পাচারকারীদের গুলিতে হাতিটি আহত হয়ে থাকতে পারে। তবে এ আশঙ্কার পক্ষে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কারা বা কীভাবে হাতিটিকে আঘাত করেছে, সেটিও স্পষ্ট নয়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, আহত স্ত্রী হাতিটিকে এক মুহূর্তের জন্যও ছেড়ে যাচ্ছে না পুরুষ হাতিটি। সঙ্গীটি ধীরে ধীরে এগোলে সেও এগোচ্ছে। আবার স্ত্রী হাতিটি থেমে গেলে পুরুষ হাতিটিকেও পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। অসুস্থ সঙ্গীর প্রতি তার এই নিবিড় অবস্থান যেন নীরব এক মায়ার গল্প বলছে।
তবে আবেগের এই দৃশ্যের আড়ালে রয়েছে উদ্বেগও। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত চিকিৎসা না পেলে আহত হাতিটির শারীরিক অবস্থা আরও খারাপ হতে পারে। তাই দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসক পাঠিয়ে হাতিটির চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

দেশে স্মার্টফোনের উৎপাদন বাড়ছে, কমছে ফিচার ফোনের দাপট
নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন
রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ