সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Logo
×

বাইরে চাকচিক্য, ভেতরে অনিয়ম

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

বাইরে চাকচিক্যময় পরিবেশ, কিন্তু ভেতরের রান্নাঘরে নানা অনিয়ম। কোথাও অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি হচ্ছে খাবার, কোথাও কাঁচা ও রান্না করা খাবার রাখা হচ্ছে একসঙ্গে। আবার একই চপিং বোর্ডে মাছ-মাংসের পাশাপাশি কাটা হচ্ছে সালাদ। এমনকি কেক তৈরিতে ব্যবহারের অভিযোগ মিলেছে অনুমোদনহীন রঙেরও।

মাদারীপুর শহরের শকুনি লেকপাড় এলাকার সাতটি রেস্টুরেন্টে যৌথ ভেজালবিরোধী অভিযান চালিয়ে এসব অনিয়ম শনাক্ত করেছে জেলা প্রশাসনসহ চারটি সরকারি দপ্তর। সোমবার (১৬ নভেম্বর) অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানগুলোকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেন।

জরিমানার মুখে পড়া রেস্টুরেন্টগুলো হলো—ব্রেকহলি রেস্টুরেন্ট, ক্রেভিং রেস্টুরেন্ট, সিক্রেট সল্ট, স্ন্যাকস ইন রেস্টুরেন্ট, লবঙ্গ রেস্টুরেন্ট, ব্লু বাইট রেস্টুরেন্ট ও ফুড ল্যাব রেস্টুরেন্ট। এর মধ্যে ব্রেকহলি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, ক্রেভিং রেস্টুরেন্টকে ১৫ হাজার, সিক্রেট সল্টকে ১৫ হাজার, স্ন্যাকস ইন রেস্টুরেন্টকে ১৫ হাজার, লবঙ্গ রেস্টুরেন্টকে ১০ হাজার, ব্লু বাইট রেস্টুরেন্টকে ৫ হাজার এবং ফুড ল্যাব রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে রেস্টুরেন্টগুলোর রান্নাঘরে বিভিন্ন ধরনের অনিয়ম পাওয়া যায়। কোথাও খাবার তৈরির স্থান ছিল অপরিচ্ছন্ন, আবার কোথাও কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল। মাছ-মাংস ও সালাদ কাটার জন্য একই চপিং বোর্ড ব্যবহারের প্রমাণও পাওয়া যায়।

এ ছাড়া আগের দিনের ভাজাপোড়া খাবার ফ্রিজে খোলা অবস্থায় সংরক্ষণ, কেক তৈরিতে অনুমোদনহীন রঙের ব্যবহার, প্রয়োজনীয় অনুমোদনপত্র ও ক্রয়-বিক্রয়ের ভাউচার না থাকা এবং মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র রাখার মতো অনিয়ম শনাক্ত করেন অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবার রহমান রিপন এবং মো. আব্দুল আহাদ। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল, নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম এবং কৃষি বিপণন কর্মকর্তা মো. রুবেল হোসেন উপস্থিত ছিলেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com