নাটাল প্রদেশের পিটারমারিটজবার্গ শহরের বাইরে একটি মিনিবাসে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গুলিতে ঝাঁজরা হয়ে যাওয়া সাদা রঙের সাত আসনের একটি গাড়ি দেখতে পান কর্মকর্তারা।
গাড়ির ভেতরে ছিলেন আটজন পুরুষ। তাদের শরীরে ছিল একাধিক গুলির ক্ষত। ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়।
পুলিশের মুখপাত্র রবার্ট নেতশিউন্ডা বলেন, কীভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ ও সন্দেহভাজনদের পরিচয় জানতে বিভিন্ন আলামত সংগ্রহ করছে পুলিশ।
অন্যদিকে, প্রিটোরিয়ার পশ্চিমে আতেরিজভিলের জেফসভিল এলাকায় আরেকটি হামলার ঘটনা ঘটে। সেখানে চার কক্ষের একটি ঘর থেকে ছয়জন পুরুষ ও তিনজন নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
ধারণা করা হচ্ছে, গত রোববার রাত ১০টা থেকে ১১টার মধ্যে তাদের হত্যা করা হয়েছে। ঘরের বিভিন্ন কক্ষে লাশগুলো ছড়িয়ে-ছিটিয়ে ছিল। বাইরে পাওয়া গেছে গুলির খোসা। স্থানীয় বাসিন্দারা প্রথমে গুলির শব্দকে বজ্রপাতের শব্দ ভেবেছিলেন।
দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা ও সংঘবদ্ধ অপরাধের ঘটনা নতুন নয়। বিশেষ করে, মাদক পাচার ও অবৈধ খননকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধী চক্রের মধ্যে সংঘর্ষে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।
পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে দেশটিতে ৫ হাজার ৪২৭ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন প্রাণ হারিয়েছেন। তবে, আগের বছরের একই সময়ের তুলনায় হত্যাকাণ্ডের সংখ্যা ৬ শতাংশ কমেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত
ইপিজেডের বর্জ্যে গোমতী নদীতে দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া