প্রথম সমাচার ডেস্ক:
লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই টাঙ্গাইলে গড়ে উঠেছে একের পর এক রাইস মিল ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। এসব কারখানায় একদিকে যেমন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে চাল ও খাদ্যপণ্য, অন্যদিকে রাসায়নিক বর্জ্যে ধ্বংস হচ্ছে আশপাশের ফসলি জমি। সংশ্লিষ্ট দপ্তরের নজরদারির অভাবে জনস্বাস্থ্য, কৃষি ও পরিবেশ এখন চরম হুমকির মুখে।
সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার এশিয়া মাল্টি এগ্রো ফুডে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং ভেজাল চাল তৈরির গুরুতর অভিযোগ উঠেছে। অন্যদিকে, প্রগতি এগ্রো ফুড, স্বদেশ অটোমেটিক রাইস মিল ও কালিহাতী এগ্রো ফুডের মতো প্রতিষ্ঠানগুলো ফসলি জমির মাঝখানে গড়ে ওঠায় তাদের নির্গত রাসায়নিক বর্জ্যে হুমকির মুখে পড়েছে বিস্তীর্ণ কৃষিজমি। অথচ এসব প্রতিষ্ঠানের অধিকাংশেরই নেই কোনো বৈধ লাইসেন্স কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। খাদ্য উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও প্রয়োজনীয় মান নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকার কথা থাকলেও বাস্তব চিত্র নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
স্থানীয়দের অভিযোগ, প্রগতি এগ্রো ফুড, স্বদেশ অটোমেটিক রাইস মিল ও কালিহাতী এগ্রো ফুডের বর্জ্য ও দূষিত পানি জমিতে গিয়ে মিশছে। এতে ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে। কোনো কোনো জমিতে ধানের গাছ পুড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। এসব প্রতিষ্ঠানের অনেকগুলোরই নেই প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র, বর্জ্য পরিশোধনের কার্যকর ব্যবস্থা। ফলে শিল্পকারখানার দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজমি ও পরিবেশ। পরিবেশ অধিদপ্তরের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে একটি সিন্ডিকেট এসব অবৈধ কারখানা পরিচালনার সুযোগ করে দিচ্ছে। এর মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যে উঠে এসেছে নানা অসংগতি।
কৃষক আনিসুর রহমান জানান, কারখানার রাসায়নিক বর্জ্য ও দূষিত পানির কারণে জমিতে ধানের ফলন হচ্ছে না। যেটুকু ফসল উৎপাদিত হয়েছে, তারও বড় একটি অংশ নষ্ট হয়ে গেছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি লোকসান গুনতে হচ্ছে তাদের। অথচ ক্ষতিগ্রস্ত কৃষকদের কোনো ক্ষতিপূরণ দিচ্ছেন না কারখানার মালিকরা।
অভিযোগে কৃষক বেল্লাল হোসেন বলেন, এসব কারখানার অধিকাংশ লাইসেন্স নেই। পরিবেশ অধিদপ্তরের স্বজনপ্রিয়তা করে সংশ্লিষ্ট দপ্তর লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। পরিবেশ অধিদপ্তরে মৌখিক জানানো হলেও কোন পদক্ষেপ নিচ্ছেন না। কৃষকদের ক্ষতিপূরণও দিচ্ছেন না কারখানার মালিকরা।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহমুদা বিন্তে লতিফ বলেন, কারখানা থেকে নির্গত বিষাক্ত রাসায়নিক বর্জ্য ও কালো ধোঁয়ার কারণে ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছে। এসব বর্জ্যে থাকা সিসা, ক্যাডমিয়াম, পারদসহ বিভিন্ন ভারী ধাতু মাটিতে মিশে মাটির স্বাভাবিক গুণাগুণ নষ্ট করে। ফলে মাটিতে উপকারী অণুজীবের কার্যকারিতা কমে যায়, গাছের শিকড়ের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয় এবং গাছ প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে না। এতে ফসলের ফলন কমে যায়, গাছের পাতা হলুদ হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে গাছ মারা যায়। পাশাপাশি কালো ধোঁয়ার বিষাক্ত উপাদান বাতাস ও পানির মাধ্যমে পরিবেশে ছড়িয়ে পড়ছে। এসব রাসায়নিক দূষিত পানি ও খাদ্যশস্যের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এভাবে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যও মারাত্মক হুমকির মুখে পড়ছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মইনুল ইসলাম কাছে জানতে চাইলে তিনি দায়ভার পরিবেশ অধিদপ্তরের ওপর চাপিয়ে দেন। তার দাবি, পরিবেশ অধিদপ্তর থেকে প্রাথমিক অনুমোদন পাওয়ার পরই খাদ্য উৎপাদনের লাইসেন্স দেওয়া হয়।
তবে ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি তিনি। কোন কোন কারখানা অবৈধভাবে পরিচালিত হচ্ছে, সেগুলোর তালিকা দিতে বলেন। তালিকা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সিলেটের ষষ্ঠ পৌরসভা হিসেবে অনুমোদন পেল ‘জৈন্তাপুর’
১৭ নভেম্বর: আজকের নামাজের সময়সূচি
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ আঘাত হানার সম্ভাব্য স্থান-সময় জানা গেল