প্রথম সমাচার ডেস্ক:
দিনাজপুরে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। ভোর ও সকালবেলায় হালকা ঠান্ডা বাতাস এবং ঘন কুয়াশার আভাসে বদলে যাচ্ছে আবহাওয়ার পরিবেশ। বিশেষ করে সকাল ও রাতে শীতের আমেজ কিছুটা বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৬টায় দিনাজপুর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এর আগের দিন সোমবার (১৬ নভেম্বর) জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে জেলার মানুষের দৈনন্দিন জীবনেও পড়তে শুরু করেছে শীতের প্রভাব। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক, দিনমজুর ও যানবাহনচালকদের সকালবেলায় কিছুটা ঠান্ডার মুখোমুখি হতে হচ্ছে।
দিনাজপুর শহরের পাটুয়াপাড়া এলাকার বাসিন্দা আপরোজা বেগম বলেন, সকালে বাচ্চাকে স্কুলে রাখতে যেতে হয়। কয়েকদিন ধরে দিনে গরম আর রাতে ঠান্ডা অনুভুত হয়৷ কিন্তু আজকে ভোর থেকে ঠান্ডার পাশাপাশি কুয়াশা পড়েছে। হঠাৎ করে ঠান্ডা পড়লে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে।
অটো রিকশাচালক হযরত আলী বলেন, সকালে রিকশা নিয়ে বের হলে এখন আগের চেয়ে একটু ঠান্ডা লাগে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হয়। শীত পুরোপুরি আসতে আরও কিছুদিন সময় লাগবে বলে মনে হচ্ছে।
হাসেম আলী নামে একজন কৃষক জানান, সকালে মাঠে কাজ করতে গেলে ঠান্ডা বাতাস অনুভূত হচ্ছে। তবে দিনের বেলায় রোদ থাকায় কাজ করতে তেমন অসুবিধা হচ্ছে না।
স্থানীয় বাসিন্দা হাকিম আলী বলেন, সকালে ও রাতে আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকলেও দুপুরে এখনো গরম লাগে। কয়েক দিন ধরে আবহাওয়ার এমন পরিবর্তন লক্ষ্য করছি।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা আরও কমতে পারে। তাই শীতের আগমনী বার্তা নিয়ে দিনাজপুরের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তন আসছে।

লন্ডনে নাহিদের অনুষ্ঠানে শেষে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে