মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

Icon প্রথম সমাচার ডেস্ক

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ড্রোনের নজরদারি ও সাঁজোয়া যান এপিসি নিয়ে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এক বার্তায় এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

বার্তায় জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করবেন। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবেন।

বিজিবি জানায়, দায়িত্ব পালনকালে সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের পরিচয় দেবেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতেও বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com