দিগন্তবিস্তৃত খেতজুড়ে এখন পাকা আমন ধানের সোনালি হাসি। হেমন্তের মিষ্টি রোদে সোনার ঝিলিক খেলছে নুয়ে পড়া পুষ্ট ধানের শিষে। মাঠে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধান মুখে তুলে উড়ে যাচ্ছে পাখির ঝাঁক। পাকা ধানের ম-ম গন্ধে মাতোয়ারা কৃষকের সেদিকে তাকানোর ফুরসত নেই। কাস্তের ‘ক্যাচাৎ ক্যাচাৎ’ মুঠি মুঠি ধান কেটে গোলায় তোলাই এখন তাঁদের একমাত্র ধ্যান।
রোদে পোড়া দেহের ঘামঝরা পরিশ্রমে একসময় চাগিয়ে ওঠে তীব্র খিদে। কিন্তু বাড়ি ফিরে দুমুঠো খেয়ে আসার ফুসরত কোথায়? তবে কৃষকের এই নীরব কষ্ট ঠিকই বোঝেন তাঁর বধূ। তাই সংসারের কাজ সামলে ঠিক দুপুরবেলায় খাবারের পোঁটলা মাথায় মাঠে ছুটে আসেন তাঁরা।
কৈলাস চন্দ্র বর্মণ, কৃষকমাঠে কাজ করিতে করিতে খুব খিদা নাগে, পানির পিপাসাও নাগে। আমার বউ এইঠে ভাত নিয়া আসে। ভাত খায়ে-দায়ে শরীলখান জুড়ায়, শক্তি পাও। তারপর আবার ধান কাটিতে নাগে যাও।
সোমবার ঠাকুরগাঁও ভুল্লী উপজেলার মাটিগাড়া গ্রামে গিয়ে দেখা মেলে এমনই এক দৃশ্যের। চারদিকে আমন ধান কাটার ধুম। গ্রামের মেঠো পথ পেরিয়ে খেতের সরু আল ধরে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছেন এক নারী। মাথায় কাপড়ে বাঁধা খাবারের পোঁটলা, এক হাতে পানিভরা জগ। গন্তব্য জানতে চাইলে মৃদু হেসে জানালেন, মাঠে কাজ করা স্বামীর জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছেন। হাতে সময় কম, তাই কথা বলতে হলে খেতে যাওয়ার আহ্বান জানালেন তিনি। কথার মাঝে তাড়া থাকলেও চোখেমুখে লেগে ছিল প্রশান্তির হাসি। তাঁর নাম পঞ্চমী রানী। তাঁর বাড়ি থেকে ধানখেতের দূরত্ব প্রায় ৫০০ মিটার।
প্রতিদিনের মতো সেদিনও স্বামীর দুপুরের খাবার নিয়ে ছুটে এসেছেন পঞ্চমী রানী। খেতে পৌঁছাতেই তাঁকে দেখে কাজ থামিয়ে এগিয়ে এলেন স্বামী কৈলাস চন্দ্র বর্মণ, সঙ্গে আরও দুই সহকর্মী। তাঁদের নিয়ে খেতের একচিলতে ফাঁকা জায়গায় বসে গেলেন তিনি। পোঁটলা খুলে পরম যত্নে স্বামীর সামনে গরম ভাত ও তরকারি সাজিয়ে দিতে লাগলেন পঞ্চমী। তা হাতে পেয়ে ক্ষুধার্ত কৈলাস হাপুস-হুপুস করে খেতে লাগলেন-শিগগিরই তাঁকে যে আবার কাস্তে চালাতে হবে। খাবার শেষে কৈলাস যখন তৃপ্তির ঢেকুর তুলছেন, তখন পাশে বসে সংসারের টুকিটাকি গল্প সেরে নিলেন পঞ্চমী।
প্রতি বছরই আমন ধান কাটার মৌসুমে মাটিগাড়া গ্রামে এমন দৃশ্য দেখা যায়
প্রায় ৩০ বছর আগে ঘর বেঁধেছিলেন কৈলাস ও পঞ্চমী। তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে তাঁদের ছিমছাম সংসার। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে, ছোটটি স্থানীয় এক কলেজে পড়েন। আর ছেলেটা ঢাকায় চাকরি করেন। দিনমজুরি করে সংসার চালান কৈলাস। ধান কাটার ভরা মৌসুমে কাজের চাপ থাকে দ্বিগুণ। বাড়ি গিয়ে খেয়ে এলে অনেকটা সময় নষ্ট হয়, কাজেও ভাটা পড়ে। তাই স্বামীর কষ্ট লাঘব করতে প্রতিদিন নিয়ম করে মাঠে খাবার নিয়ে আসেন পঞ্চমী।
পঞ্চমী রানী বলেন, ‘তোমার দাদা (কৈলাস চন্দ্র) মাঠত কাজ করেন। কী খায় না খায়, ওইতানে মাঠত ভাত নিয়া আসিবা নাগে।’
কৈশাল যখন তৃপ্তি নিয়ে খাবার খান, তখন পরানটা ভরে যায় বলে জানালেন পঞ্চমী। খাওয়া শেষে খানিকটা জিরিয়ে নিলেন কৈলাস। এরপর আবার কাস্তে হাতে ধান কাটায় ব্যস্ত হয়ে পড়লেন।
কাজের ফাঁকেই হাসিমুখে কৈলাস বলেন, ‘মাঠে কাজ করিতে করিতে খুব খিদা নাগে, পানির পিপাসাও নাগে। আমার বউ এইঠে ভাত নিয়া আসে। ভাত খায়ে-দায়ে শরীলখান জুড়ায়, শক্তি পাও। তারপর আবার ধান কাটিতে নাগে যাও।’
দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমন খান খেতে স্বামী ও শ্রমিকদের জন্য খাবার নিয়ে যাচ্ছেন পঞ্চমী রানী নামে এক নারী
মাটিগাড়া গ্রামের এই চিত্র কেবল কৈলাস-পঞ্চমীর একার নয়। আমন মৌসুমে প্রতিটি খেতের আইলেই দেখা মেলে এমন অসংখ্য পঞ্চমী রানীর। তাঁদেরই প্রতিবেশী কৃষক মঙ্গল চন্দ্র বর্মণ বলেন, ‘আমরা মাঠত ধান কাটি, আর হামার বউগেলা বাড়ি থাকি এইঠে খাবার নিয়া আসে। হামাক খিলায় তারা ফির বাড়ি চলি যায়। এইখান অনেক দিন,অনেক বছর থাকিয়া হয়া আসিছে।’
মাঠে কাজে ব্যস্ত থাকা স্বামীর জন্য খাবার পৌঁছে দেওয়া এই এলাকার গ্রামীণ সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ বলে জানালেন নারী উন্নয়ন কর্মী নাজমিন বেগম। গ্রামীণ অর্থনীতি ও সংস্কৃতিতে নারীদের এই অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, এখানকার গৃহবধূরা কেবল গৃহস্থালি কাজেই সীমাবদ্ধ থাকেন না বরং কৃষিকাজের ভরা মৌসুমে মাঠেও সমানতালে শ্রম দেন। প্রিয় মানুষটি যেন অভুক্ত অবস্থায় পরিশ্রম না করেন, সেই মমতা ও দায়িত্ববোধ থেকেই বংশপরম্পরায় তাঁরা এই রীতি ধরে রেখেছেন।
ধান কাটার উৎসবমুখর কর্মযজ্ঞে পুরুষদের পাশাপাশি এখানকার গ্রামীণ নারীরাও সমানভাবে সহযোগিতা করেন বলে জানালেন ঠাকুরগাঁওয়ের প্রবীণ শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মনতোষ কুমার দে। তিনি বলেন, ‘বাঙালি সংস্কৃতির মূল প্রাণ হলো নারীশক্তি, যা আমাদের জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করে। প্রিয় স্বামীর জন্য নারীদের মাঠে খাবার নিয়ে যাওয়ার এই দৃশ্যটি চমৎকার এক দাম্পত্য সম্পর্কের ইঙ্গিত দেয়। গ্রামীণ নারীদের এই নিষ্ঠা ও আন্তরিকতাই আমাদের সমাজকে সুন্দর ও সমৃদ্ধ করে রেখেছে।’

নামাজ পড়ে সড়কে হাঁটছিলেন, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের
শিল্পগোষ্ঠী পিএইচপিতে তৃতীয় প্রজন্মের নেতৃত্ব
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন