মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুত লালমনিরহাট, তিন কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯ নভেম্বর লালমনিরহাট সফরকে ঘিরে জেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন, জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ, মন্ডলের হাটে মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন এবংআলোকিত লালমনিরহাটের সেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময়—এই তিনটি প্রধান কর্মসূচিকে সামনে রেখে সফর সফল করতে দিনরাত কাজ করছে প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের এয়ারফিল্ডে অবতরণ করবেন। সেখানে অবস্থিত এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন তিনি। একই সঙ্গে নতুন বাংলাদেশের প্রথম জাতীয় অ্যারোস্পেস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।

এরপর প্রধানমন্ত্রী যাবেন সদর উপজেলার মহেন্দ্রনগরে। সেখানে পানি নিষ্কাশন ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ মহেন্দ্রনগর খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন। খাল খনন কার্যক্রম উদ্বোধনের পর স্থানীয় সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। কর্মসূচি শেষে তিনি ফিরে আসবেন জেলা সার্কিট হাউসে।

বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত হবে সফরের আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। আলোকিত লালমনিরহাটের সেচ্চাসেবর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। জেলার পাঁচ উপজেলার প্রতিনিধিদের অংশগ্রহণে এই কর্মসূচিতে উন্নয়ন, জনসমস্যা ও স্থানীয় মানুষের প্রত্যাশা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রতিটি উপজেলা থেকে তিন হাজার করে মোট ১৫ হাজার প্রতিনিধি অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর সফল করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। দফায় দফায় সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবীব দুলু বিভিন্ন প্রস্তুতি ও কর্মসূচির অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করছেন। পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় করে সফরকে সফল ও সুশৃঙ্খল করতে কাজ করছেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চলছে সাজসজ্জা ও প্রস্তুতির কাজ। বিভিন্ন কর্মসূচির স্থানগুলো ঘুরে ঘুরে তদারকি করা হচ্ছে। কোথাও কোনো ত্রুটি থাকলে তা সংশোধনের নির্দেশ দেওয়া হচ্ছে সংশ্লিষ্টদের।

সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে লালমনিরহাটে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। এখন সবার অপেক্ষা ১৯ নভেম্বরের—কবে জেলায় আসবেন প্রধানমন্ত্রী, কবে সরাসরি তাঁর বক্তব্য শুনবেন জেলার মানুষ।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে লালমনিরহাটের উন্নয়ন, কৃষি, শিক্ষা ও জনসম্পৃক্ত কর্মসূচি নতুন করে আলোচনায় এসেছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com