প্রথম সমাচার ডেস্ক:
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকেই সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা কাঁদানে গ্যাসের শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের সড়ক থেকে সরে যেতে বললে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেন।
এদিকে আশুলিয়ার জামগড়া এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকদের একটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন। একইভাবে সকাল ১০টার দিকে খেজুরবাগান এলাকায় আরেকটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করা হয়। এ সময়ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।
সাভার হাইওয়ে থানার ওসি আলী আহমেদ বলেন, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে ঢাকা জেলা পুলিশ, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে কাজ করছে। বেলা সোয়া ১১টার দিকে তিনি জানান, শ্রমিকেরা তখনও সড়ক অবরোধ করে রেখেছেন। দ্রুত পরিস্থিতির সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

আ.লীগ নেতা মির্জা আজমের ভাইকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
শিশু রামিসা ধর্ষণ-হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল
মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস