সর্বশেষ ইপেপার জুলাই বিপ্লব জাতীয় বাণিজ্য রাজনীতি সারা দেশ বিনোদন বিশ্ব খেলা ইসলাম ও জীবন ফিচার আমার দেশ পরিবার ঢাকার বাতাস ক্রমেই দূষিত হয়ে উঠছে। বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে আজ মঙ্গলবার সকালে বায়ুদূষণে প্রথম স্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। সকাল সাড়ে ৮টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) দাঁড়ায় ৩৩৬-এ।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের হিসাবে, এই মাত্রার দূষণ ‘বিপজ্জনক’। চলতি মৌসুমে ঢাকার বাতাসের মান এতটা খারাপ আর হয়নি। বিশেষজ্ঞদের আশঙ্কা, সামনের দিনগুলোতে পরিস্থিতির আরো অবনতি হতে পারে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার পরেই রয়েছে ভারতের কলকাতা। শহরটির একিউআই ২৬৬। ২১৯ একিউআই নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
রাজধানীর বাতাসে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ অতি সূক্ষ্ম বস্তুকণা পিএম ২.৫। আজ সকালে ঢাকার বাতাসে প্রতি ঘনমিটারে এই কণার পরিমাণ পাওয়া গেছে ২৪৩ দশমিক ৩ মাইক্রোগ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশিকায় নির্ধারিত সীমার তুলনায় এই ঘনত্ব ৪৮ দশমিক ৭ গুণ বেশি।
পিএম ২.৫ এতটাই ক্ষুদ্র যে নিঃশ্বাসের সঙ্গে সহজেই ফুসফুসের গভীরে পৌঁছে যায়। দীর্ঘ সময় এসব কণাযুক্ত বাতাসে বসবাস করলে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ ও হৃদ্রোগের ঝুঁকি বাড়তে পারে।
রাজধানীর আট এলাকার বাতাস বিপজ্জনক
শুধু সামগ্রিক সূচকেই নয়, রাজধানীর বিভিন্ন এলাকার বাতাসেও দূষণের ভয়াবহ চিত্র দেখা গেছে। আইকিউএয়ারের গতকাল সোমবার সন্ধ্যার হালনাগাদ তথ্যে ঢাকার ১০টি পর্যবেক্ষণকেন্দ্রের একটিতেও ভালো বায়ুমানের তথ্য পাওয়া যায়নি। কয়েকটি এলাকায় দূষণের মাত্রা ছিল খুবই অস্বাস্থ্যকর।
পর্যবেক্ষণকেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ছিল বাড্ডার প্রগতি সরণিতে। ১৭ নভেম্বর সকালে সেখানে একিউআই রেকর্ড করা হয় ৪৯০। দ্বিতীয় অবস্থানে থাকা গুলশান লেক পার্কের সূচক ছিল ৪৮৩। আর বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক জিতে একিউআই পাওয়া যায় ৪৭৪।
এ ছাড়া বারিধারার পার্ক রোডে ৪৫৫, বিআইডিএস পর্যবেক্ষণকেন্দ্রে ৪৩১ এবং বারিধারা লেকসাইডে ৪২৪ একিউআই রেকর্ড করা হয়েছে। অন্যদিকে বেচারাম দেওড়িতে সূচক ছিল ৩৮৪, বে’স এজওয়াটারে ৩৭৮, ইস্টার্ন হাউজিংয়ে ২৭৮ এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় ২০৬।
একিউআইয়ের মানদণ্ডে ৩০১ থেকে ৫০০ পর্যন্ত দূষণকে বিপজ্জনক ধরা হয়। সেই হিসাবে ঢাকার ১০টি পর্যবেক্ষণকেন্দ্রের আটটির বাতাসই ছিল বিপজ্জনক পর্যায়ে। এমন বাতাসে সুস্থ মানুষেরও স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। শিশু, প্রবীণ এবং শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য ঝুঁকি আরো বেশি।
যানবাহনের কালো ধোঁয়া, শিল্পকারখানার নির্গত দূষিত বায়ু এবং নির্মাণকাজের ধুলাবালু ঢাকার বায়ুদূষণের অন্যতম উৎস। এসবের পাশাপাশি বিভিন্ন উৎস থেকে ছড়িয়ে পড়া অতি সূক্ষ্ম বস্তুকণাও বাতাসের মান খারাপ করছে। ঢাকার আশপাশের শিল্পাঞ্চলগুলোতেও দূষণের মাত্রা বেশি। ফলে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার বায়ুমান পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।
তবে আইকিউএয়ারের সূচক স্থির নয়। আবহাওয়া, বাতাসের গতিবেগ এবং দূষণের উৎসের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ুর মানও বদলায়। ফলে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থানও সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে।
বর্তমান পরিস্থিতিতে বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ঘরের জানালা বন্ধ রাখতে হবে। পাশাপাশি খোলা জায়গায় ব্যায়াম বা শরীরচর্চা করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

উদ্বাস্তু পরিবারে জন্ম, আরাফাতের উপদেষ্টা থেকে ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার, কে এই তিবি
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ
একটি ভালো কাজে সেরা দশ ২০২৬