প্রথম সমাচার ডেস্ক:
চট্টগ্রামের আনোয়ারায় ছয় বছরের এক শিশুকে গলায় ছুরি ধরে জিম্মি করেন তার বাবা। দিনভর মেয়েকে জিম্মি করে রাখার পর প্রায় এক ঘণ্টার চেষ্টায় শিশুটিকে সফলভাবে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আনোয়ারা সরকারি কলেজসংলগ্ন ওসমান কলোনিতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আনোয়ারা ফায়ার স্টেশন।
উদ্ধার হওয়া ওই যুবকের নাম মো. নাছির উদ্দিন (২৮) এবং তার মেয়ের নাম সাকিবা আক্তার (৬)। নাছির বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মৃত খুইল্যা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে আনোয়ারা এলাকায় বসবাস করে আসছিলেন। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, নাছির মানসিক ভারসাম্যহীন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন নাছির। গত চার মাস ধরে তিনি ঠিকমতো ওষুধ সেবন না করায় তার আচরণে অস্বাভাবিকতা আরও বেড়ে যায়। সোমবার সকাল ৯টার দিকে তিনি মেয়ে সাকিবাসহ নিজ ঘরের দরজা ভেতর থেকে আটকে দেন। দিনভর পরিবারের সদস্যরা তাদের উদ্ধারের চেষ্টা চালালেও দুপুরের দিকে লোকসমাগম বাড়লে নাছির হাতে ছুরি নিয়ে সবাইকে ভয় দেখাতে শুরু করেন। একপর্যায়ে তিনি মেয়ের গলায় ছুরি ধরে ঘরে আটকে রাখেন।
পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে আনোয়ারা ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পাশের একটি বসতঘরের টিন খুলে ভেতরে প্রবেশ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় এক ঘণ্টার যৌথ প্রচেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে বাবা ও মেয়েকে উদ্ধার করা হয়।
আনোয়ারা ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আব্দুল্লাহ হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পাশের ঘরের টিন খুলে ভেতরে প্রবেশ করেন এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে বাবা ও মেয়েকে নিরাপদে উদ্ধার করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধারের পর নাছিরকে থানায় আনা হয়। পরবর্তীতে পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে চিকিৎসার জন্য তাকে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

নতুন পেঁয়াজ নিয়ে চিন্তা বাড়াচ্ছে পুরোনো পেঁয়াজের দাম
শিশু রামিসা হত্যাকণ্ড: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না