মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

আ.লীগ নেতা মির্জা আজমের ভাইকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মির্জা আজমের ভাইকে নাশকতার পরিকল্পনার সময় হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করার দাবি করেছেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৩টা ১৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি। নয়নের ভাষ্য অনুযায়ী, রাজধানীর কলাবাগান এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

তবে আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় কিংবা মির্জা আজমের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে পোস্টে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক ব্যক্তির নাম-পরিচয়ও জানা যায়নি।

ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে যুবদল নেতা নয়ন অভিযোগ করেন, ওই ব্যক্তিকে আটক করতে পুলিশ এলে পুলিশের ‘একজন ডিআইজি’ ফোন করে তাকে গ্রেপ্তার না করার নির্দেশ দেন। এ সময় সংশ্লিষ্ট ডিআইজিকে সামনে আনার দাবিও জানান তিনি।

ভিডিওতে নেতাকর্মীদের আটক ব্যক্তির গায়ে হাত না তোলার নির্দেশ দেন নয়ন। তিনি বলেন, তাদের মূল কাজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা।

এ ছাড়া ভিডিওতে আটক ব্যক্তিকে ‘কোনোদিন রাজনীতি করেননি’ বলেও দাবি করতে শোনা যায়।

এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আ.লীগ নেতা মির্জা আজমের ভাইকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com