প্রথম সমাচার ডেস্ক:
নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ব্যতিক্রমী উদ্যোগ ‘মিট দ্য প্লেয়ার্স’ আয়োজনে ব্যাপক সাড়া পড়েছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় তিন শতাধিক খেলোয়াড় স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠে জড়ো হন। মাঠটি যেন এক মিলনমেলায় পরিণত হয়।সোমবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে ইউএনও আরিফুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে খেলোয়াড়দের সাথে চা চক্রে অংশ নেন। এ সময় খেলোয়াড়রা তাদের খেলার সরঞ্জাম ও মাঠের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। ইউএনও তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই ব্যতিক্রমী উদ্যোগটি খেলোয়াড়দের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।পরিচিতি পর্ব শেষে ইউএনও আরিফুর রহমান বলেন, মাদক, জুয়া ও বাল্যবিবাহসহ সকল সামাজিক ব্যাধি রোধে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি গ্রামের প্রতিটি খেলার মাঠ খেলোয়াড়দের পদচারণায় মুখরিত রাখার আহ্বান জানান এবং খেলাধুলার সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী, উপজেলা প্রকৌশলী মাকছুদার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আতাউল গণি ওসমানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সংসদ সদস্যের প্রতিনিধি দেলোয়ার হোসেন, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।

গণমাধ্যমের নীতিমালা আসছে, অনিবন্ধিত পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা