প্রথম সমাচার ডেস্ক:
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার অত্যন্ত দুর্গম ও প্রান্তিক পাহাড়ি এলাকা বিনাজুড়িপাড়ায় দীর্ঘদিনের সুপেয় পানির তীব্র সংকট দূর হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগ এবং বার্মাছড়ি আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে সেখানে স্থাপন করা হয়েছে একটি আধুনিক সৌরশক্তি চালিত পানির পয়েন্ট (ট্যাংক)।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার অধিবাসীরা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন। বিশেষ করে শুষ্ক মৌসুমে খাবার পানির জন্য পাহাড়ের এই জনপদের বাসিন্দাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হতো। স্থানীয়দের এই মৌলিক সমস্যার স্থায়ী সমাধান করতে দ্রুত এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। মাত্র দুই সপ্তাহের রেকর্ড সময়ে এই জনকল্যাণমূলক কাজটি বাস্তবায়ন করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই পানির পয়েন্টটি উদ্বোধন করেন। এ সময় বার্মাছড়ি আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইসালা চৌধুরী, হেডম্যান, কারবারি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর এমন সময়োপযোগী উদ্যোগে দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌরশক্তি চালিত এই পানির ট্যাংকটি স্থাপনের ফলে বিনাজুড়িপাড়া ও এর পার্শ্ববর্তী এলাকার প্রায় ১২০টি পরিবারের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ এখন থেকে নিরবচ্ছিন্নভাবে নিরাপদ ও সুপেয় পানির সুবিধা পাবেন। এই উদ্যোগ কেবল দীর্ঘদিনের পানির সংকটই দূর করবে না, বরং স্থানীয় জনস্বাস্থ্য রক্ষায় এবং মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, 'পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে সব ধরনের প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। জাতিগত বিভেদের ঊর্ধ্বে উঠে নিঃস্বার্থ জনকল্যাণে সেনাবাহিনী সবসময় আপসহীন। বিনাজুড়িপাড়ায় সৌরশক্তি চালিত পানির ট্যাংক স্থাপনের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের পানির সংকট লাঘব হলো। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের পাশে থেকে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'
উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নত করতে এবং পাহাড়ে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

শ্রমিকদের বিক্ষোভে চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনালে কার্যক্রম বন্ধ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার