মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

এক বছরের মধ্যে বিশ্ববাজারে সর্বনিম্ন স্বর্ণের দাম

Icon প্রথম সমাচার ডেস্ক

স্বর্ণের দামে পতনের পেছনে প্রধান কারণ হিসেবে কাজ করছে শক্তিশালী মার্কিন ডলার ও ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর প্রত্যাশা। মঙ্গলবার ডলার ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। এতে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে উঠেছে।

বাজার বিশ্লেষক কাইল রড্ডার মতে, যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি ও আগামী বছর সুদের হার কতটা বাড়তে পারে, তা নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশা স্বর্ণের বাজারকে প্রভাবিত করছে।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরা প্রায় ৯৫ দশমিক ৫ শতাংশ। ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৪ দশমিক ৫ শতাংশ।

সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। ফলে বাজারে স্বর্ণের চাহিদা ও দামের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

দেশের বাজারে সোনার দাম কত?

আন্তর্জাতিক বাজারের দরপতনের মধ্যে দেশের বাজারেও কয়েক দফায় সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ ১৪ নভেম্বর ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়।

এর আগে আরও চার দফায় দাম কমানোর ফলে সব মিলিয়ে প্রতি ভরিতে ১২ হাজার ৭২ টাকা কমেছে। তবে সর্বশেষ সমন্বয়ের পর নতুন কোনো মূল্য ঘোষণা করেনি বাজুস। ফলে ১৭ নভেম্বরও আগের নির্ধারিত দাম কার্যকর রয়েছে।

বাজুসের মূল্য তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম—

২২ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। ২১ ক্যারেট: ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। ১৮ ক্যারেট: ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

রুপার দাম অপরিবর্তিত

সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজুস নির্ধারিত প্রতি ভরি রুপার দাম—

২২ ক্যারেট: ৩ হাজার ৪৯৯ টাকা। ২১ ক্যারেট: ৩ হাজার ৩৮৩ টাকা। ১৮ ক্যারেট: ২ হাজার ৯১৬ টাকা।
সনাতন পদ্ধতি: ২ হাজার ২১৬ টাকা।

বাজুসের নির্ধারিত দামের বাইরে গহনা তৈরির নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি যুক্ত হয়। পাশাপাশি বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য। পুরোনো সোনা বিনিময় বা বিক্রির ক্ষেত্রেও নির্ধারিত হারে কর্তনের নিয়ম রয়েছে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম, ডলারের বিনিময়মূল্য এবং স্থানীয় বাজারের পরিস্থিতি বিবেচনায় বাজুস সময় সময় নতুন দাম নির্ধারণ করে। তাই গহনা কেনার আগে ক্রেতাদের সর্বশেষ মূল্য ও মজুরি সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com