প্রথম সমাচার ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার করছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন। রিমান্ডের আবেদনে এমন অভিযোগ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের দাবি, সরকার পতনের পর আত্মগোপনে থেকেও রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পরিচালনায় ভূমিকা রেখেছেন সাঈদ খোকন। পলাতক শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে এখনো তার যোগাযোগ রয়েছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য তিনি ব্যাপক পরিকল্পনা করছেন বলেও তথ্য পেয়েছে তদন্ত সংস্থা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানের বারিধারা ১৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্রাঞ্চের (এসআরবি) সদস্যরা। সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ধানমন্ডি মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগসংক্রান্ত একটি মামলায় সাঈদ খোকন এজাহারনামীয় ২৯ নম্বর আসামি। ২০২৪ সালের ২৬ আগস্ট দায়ের করা মামলাটিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সাঈদ খোকন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। তার নির্দেশনা ও পূর্বপরিকল্পনায় ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবেও তার ভূমিকা ছিল বলে আবেদনে দাবি করা হয়।
ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিমের ইনস্পেক্টর (নিরস্ত্র) মো. সুজন হক জানান, সাঈদ খোকনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও তার সঙ্গে সংশ্লিষ্ট পলাতক শীর্ষ নেতাকর্মীরা এখনো আত্মগোপনে রয়েছেন। তাদের বর্তমান অবস্থান, আস্তানা, গোপন বৈঠকের স্থান এবং সহযোগীদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এ ছাড়া মামলার সুষ্ঠু তদন্ত, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় উদ্ঘাটন এবং তার আশ্রয়দাতা ও সহযোগীদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়েছেন তদন্ত কর্মকর্তা।
ধানমন্ডি থানার মামলাটিতে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৩, ৩০৭, ৩০২, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

৭ দিনের রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন
বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করল: বিজ্ঞানমন্ত্রী
কৃষক দল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ