প্রথম সমাচার ডেস্ক:
ফেনীতে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছেন উত্তেজিত লোকজন। এ সময় তার সঙ্গে তার স্ত্রীকেও আটক করে পুলিশ। তাদের থানায় নেওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে ফেনী শহরের গার্ডেন সিটির সামনে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম আনোয়ার হোসেন পারভেজ। তার বাড়ি দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে। তিনি পরিবার নিয়ে ফেনী শহরের গার্ডেন সিটির একটি ফ্ল্যাটে বসবাস করতেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পারভেজ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লিহন প্রাইম’ নামের একটি আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর বিভিন্ন পোস্ট দেন। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ তৈরি হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে একদল লোক তার বাসার নিচে জড়ো হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পারভেজ ও তার স্ত্রীকে আটক করে। তাদের পুলিশের গাড়িতে তোলার সময় উত্তেজিত লোকজন পারভেজকে মারধর করেন। এ সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। ডিমও ছোড়া হয়। এতে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় ফেনী মডেল থানার কনস্টেবল বানু দাশ ও পরিদর্শক (অপারেশন) সাজেদ কামালসহ অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবক ও তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের নিয়ে যাওয়ার সময় উত্তেজিত লোকজন কিছুটা হামলা চালান। এতে পুলিশের গাড়ির কিছু ক্ষতি হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে, পুলিশের সদস্যদের আহত হওয়ার বিষয়টি অস্বীকার করেন ওসি।

খুলনায় ফের দুজনকে গুলি
রাজশাহীতে এসএমসির দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন অনুষ্ঠিত
কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার পেলেন কবি জিয়া হক