প্রথম সমাচার ডেস্ক:
গোপালগঞ্জে ধারাবাহিক সহিংসতা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সরকারের ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেছেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ শহরের হাসপাতাল সড়কে দলীয় মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘গোপালগঞ্জে ধারাবাহিক সহিংসতা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ। জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক প্রতিপক্ষ ও জুলাই যোদ্ধাদের ওপর হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ, বাস, ট্রেন ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার পতনের পরও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কীভাবে প্রকাশ্যে শক্তি প্রদর্শন ও নাশকতা চালানোর সাহস পাচ্ছে, তা বড় প্রশ্ন। নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা ও প্রশাসনিক সক্ষমতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে।’
এমনকি অর্থের বিনিময়ে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের সহযোগিতার অভিযোগও উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে। শুধু বিজিবি মোতায়েন কিংবা ডিসি-এসপিকে প্রত্যাহার করে সরকার দায় এড়াতে পারে না।
স্থানীয় সরকারব্যবস্থা প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, ‘জেলা থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত করছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ কার্যত একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা। এতে স্থানীয় সরকার নির্বাচন অনিশ্চয়তার মুখে পড়ছে।’
তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা উপেক্ষা করে দেশে সন্ত্রাস, নৈরাজ্য কিংবা একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা জনগণ মেনে নেবে না। রাষ্ট্রের আইন ও প্রশাসন কোনো দলের অনুগত বাহিনী হতে পারে না। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।’
গোপালগঞ্জের সব সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্ত, নাশকতার পরিকল্পনাকারী ও অর্থদাতাসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

গড়াই নদীর পাড় থেকে ওয়ান শুটারগান ও কার্তুজ উদ্ধার
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গভীর রাতে যুবদলের বিক্ষোভ
খুলনায় ফের দুজনকে গুলি