প্রথম সমাচার ডেস্ক:
কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার ২০২৬ পেয়েছেন কবি জিয়া হকসহ ছয়জন তরুণ প্রতিভাবান লেখক। সোমবার সন্ধ্যায় (১৬ নভেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী তাদের হাতে পুরস্কার তুলে দেন।
কাঠপেন্সিল সাহিত্য সংসদের সভাপতি সীমান্ত আকরাম ও সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাঠপেন্সিল সাহিত্য সংসদের আয়োজনে ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার ২০২৬’ দেওয়া হয়েছে। নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সাহিত্যের ছয়টি শাখায় ছয়জন তরুণ প্রতিভাবান লেখককে এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত লেখকরা হলেন কবিতায় জিয়া হক, কথাসাহিত্যে মনির বেলাল, শিশুসাহিত্যে রবিউল কমল, প্রবন্ধে খোরশেদ মুকুল, অনুবাদ সাহিত্যে মোহাম্মদ সাইফুল্লাহ এবং সম্পাদনায় তাওহীদুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রদূত প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী বলেন, সাহিত্য পুরস্কারকে ব্যবসায় পরিণত না করে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ করতে হবে। জ্ঞানবিমুখ সমাজে ফ্যাসিবাদের উত্থান হয়। জ্ঞানভিত্তিক সমাজে লেখকরা সদা-সর্বদা সজাগ থাকেন। লেখকরা সজাগ থাকলে ফ্যাসিবাদের উত্থান হতো না। লেখক সমাজকে সবসময় সজাগ থাকতে হয়। সমাজের মূল দায়িত্ব পালন করতে হয় লেখক সমাজকেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন কবি ও মিডিয়া ব্যক্তিত্ব জাকির আবু জাফর এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন।
কবিতায় পুরস্কারপ্রাপ্ত কবি জিয়া হক বলেন, পুরস্কার পাওয়া সবসময়ই আনন্দের। নিজের কাজকে আরও সুন্দর ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে নিতে পুরস্কার দারুণ উৎসাহ হিসেবে কাজ করে। কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার আমার লেখালেখিকে আরও গতিশীল ও ক্ষুরধার করবে।
স্কুলের গণ্ডি পেরোনোর আগেই ২০০৫ সালে জিয়া হকের কিশোর কবিতার বই ‘গন্ধরাজের ডানা’ প্রকাশিত হয়। ২০১৩ সালে প্রকাশিত হয় প্রেমানুকাব্য ‘মিস তোকে মিস করি’ ও কিশোরকাব্য ‘বন নাচে মন নাচে’। ২০২৩ সালে প্রকাশিত হয় ‘ঢেউ দোলানো নদীর মায়া’ এবং ২০২৬ সালে ‘দ্য কালচারাল হিরো’।
সামাজিক যোগাযোগমাধ্যমে জিয়া হকের কবিতার সাড়া সমসাময়িক বাংলা সাহিত্যে নজিরবিহীন। ‘হাদির জিন্দাবাদ’, ‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’, ‘হাদি তুই ফিরে আয়’ এই কবিতা ও সংগীত অল্প কয়েক দিনের মধ্যেই কোটি কোটি মানুষের আবেগ, ক্ষোভ ও প্রত্যাশার ভাষা হয়ে উঠেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে শত মিলিয়নের বেশি ভিউ অর্জন এবং রিলস প্ল্যাটফর্মে বিশ্বজুড়ে টপ সার্চে তার নাম উঠে আসার ঘটনা একজন কবিকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। সাম্প্রতিক বৈশ্বিক সেনসেশনদেরও পেছনে ফেলে একজন বাংলা কবির এই উত্থান কেবল ব্যক্তিগত সাফল্য নয়; এটি বাংলা কবিতার জন্যও এক গৌরবের মুহূর্ত।

গড়াই নদীর পাড় থেকে ওয়ান শুটারগান ও কার্তুজ উদ্ধার
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গভীর রাতে যুবদলের বিক্ষোভ
খুলনায় ফের দুজনকে গুলি