প্রথম সমাচার ডেস্ক:
দিনাজপুরের বিরল সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৮ হাজার টাকা মূল্যের ৪৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ নভেম্বর) সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
এর আগে, মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন এনায়েতপুর বিওপির সদস্যরা বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে ৪৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা এসব ট্যাবলেটের সিজার মূল্য ১ লাখ ৮ হাজার টাকা। জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাদের নেটওয়ার্ক উদ্ঘাটনে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচারের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। অপরাধীরা কৌশল পরিবর্তন করলেও তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সীমান্ত নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক ও অঙ্গীকারবদ্ধ।

পিরোজপুরে দুই বাসে আগুন, একজনের লাশ উদ্ধার
গাইবান্ধায় বিছানায় পড়ে ছিল মা ও ছেলের মরদেহ, এক নারী আটক
সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম ঢাকায় আটক