বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সংগঠনটির ২০২৫-২৬ কার্যবর্ষের সাংগঠনিক সম্পাদক নেছার আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০২৫-২৬ কার্যবর্ষের অর্থ সম্পাদক ইব্রাহিম খলিল।
অদ্য ১৮ আগস্ট সংগঠনটির ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি মোঃ রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আগামী ০৭ কার্যদিবসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর প্রেরণ করতে দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হলো।”
‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, জাতীয় ও অনলাইন পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।
বর্তমানে দেশের ২২টির বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ ও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে তরুণ লেখকদের সর্ববৃহৎ এই সংগঠনটি।
নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি নেছার আহমেদ বলেন, “প্রথমেই সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি, সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা, নেতৃবৃন্দ ও বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির সকলের প্রতি যারা আমার ওপর ভরসা করে এই গুরুদায়িত্ব প্রদান করেছেন। এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি আমানতস্বরুপ।
তরুণদের লেখনী, চিন্তা ও সৃজনশীলতাকে বিকশিত করার পাশাপাশি সমাজের বিভিন্ন অসঙ্গতি, সম্ভাবনা ও সমসাময়িক বিষয়গুলো নিয়ে গঠনমূলক লেখালেখির পরিবেশ তৈরি করতে আমি কাজ করতে চাই। আমাদের শাখার প্রতিটি সদস্যের মতামত, মেধা ও সৃজনশীলতাকে মূল্যায়ন করে একটি ঐক্যবদ্ধ ও সক্রিয় প্ল্যাটফর্ম গড়ে তোলাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য।
আমি বিশ্বাস করি তরুণদের শক্তিশালী ও ইতিবাচক লেখনী সমাজে সচেতনতা সৃষ্টি এবং পরিবর্তনের পথকে আরও গতিশীল করতে পারে। তাই দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখাকে একটি প্রগতিশীল লেখক প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নিতে আমরা কাজ করে যাব, ইনশাআল্লাহ।”
অন্যদিকে নতুন দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবুজ বলেন, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, পবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমার প্রধান লক্ষ্য পবিপ্রবি শাখাকে সারাদেশের সকল শাখার মধ্যে প্রথম স্থানে নিয়ে যাওয়া।
আমরা সদস্যদের দক্ষতার উন্নয়নে নিয়মিত কাজ করব এবং সংগঠনের সব কার্যক্রম সচল রাখব। খুব দ্রুতই যোগ্য ও দক্ষ কর্মীদের মূল্যায়ন করে আমাদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে। এই পথচলায় নবগঠিত কমিটির সকল দায়িত্বপ্রাপ্তদের আস্থা, আন্তরিকতা ও পূর্ণ সহযোগিতা কামনা করছি। “
