বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Logo
×

নতুন পে-স্কেলে শিক্ষকদের অর্থের পরিমাণ বাড়ল দ্বিগুণেরও বেশি

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে বড় ধরনের হিসাবের ভুল করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন করে হিসাব করার পর দেখা গেছে, তাদের বেতন-ভাতা দিতে ১২ মাসে অতিরিক্ত ৬ হাজার ৮৯৫ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৯৬৪ টাকা প্রয়োজন হবে। আগের হিসাবের তুলনায় এ অর্থের পরিমাণ দ্বিগুণেরও বেশি।

বুধবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, এর আগে নবম পে-স্কেল অনুযায়ী স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়েছিল মাউশি। তবে ওই হিসাবে বড় ধরনের ভুল ছিল। সংশোধিত হিসাবে এ খাতে ৬ হাজার ৮০০ কোটি টাকার বেশি প্রয়োজন হবে।

জানা গেছে, হিসাবের ভুলের বিষয়টি সম্প্রতি চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয়কে জানায় অর্থ বিভাগ। এরপর গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে মাউশিকে চিঠি দিয়ে নতুন করে হিসাব তৈরি করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার সংশোধিত হিসাব বিবরণী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠিয়েছে মাউশি।

নতুন হিসাব বিবরণীতে ১২ মাসের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। এর মধ্যে সাত মাসের বকেয়া এবং পাঁচ মাসের নিয়মিত বেতনের হিসাব অন্তর্ভুক্ত রয়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য মোট ৬ হাজার ৮৯৫ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৯৬৪ টাকা প্রয়োজন হবে বলে উল্লেখ করা হয়েছে।

হিসাব অনুযায়ী, নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন হলে স্কুলের শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে প্রয়োজন হবে ৫ হাজার ৯৪ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৩৬৯ টাকা। অন্যদিকে কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য লাগবে ১ হাজার ৮০১ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫৯৫ টাকা।

নাম প্রকাশ না করার শর্তে মাউশির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, নতুন করে হিসাব তৈরির কাজ শেষ হয়েছে। সংশোধিত হিসাব ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।

বেতন-ভাতার হিসাব তৈরিতে এমন ভুলের কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, বেতন-ভাতার তথ্য পাঁচ দিয়ে গুণ করার কথা ছিল। কিন্তু যারা হিসাব তৈরি করেছেন, তারা এর চেয়ে কম দিয়ে হিসাব করেছেন। এ কারণেই এমন সমস্যা হয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com