বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ভিক্ষাবৃত্তি দীর্ঘদিনের একটি সামাজিক বাস্তবতা। তবে সময়ের সঙ্গে এটি শুধু দারিদ্র্য ও অসহায়ত্বের বহিঃপ্রকাশ হিসেবে সীমাবদ্ধ থাকেনি; কোথাও কোথাও পরিণত হয়েছে পরিকল্পিত ও লাভজনক কর্মকাণ্ডে। রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের রাস্তাঘাট, ফুটপাত, গণপরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের আশপাশে ভিক্ষাবৃত্তির দৃশ্য এখন পরিচিত। কিন্তু এর আড়ালে প্রকৃত অসহায় মানুষের পাশাপাশি কোনো সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
পড়াশোনার সুবাদে রাজধানীর মিরপুর এলাকায় থাকার সময় একটি ঘটনা চোখে পড়েছিল। একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে তাঁর ছেলে প্রতিদিন সকালে বিভিন্ন স্থানে ভিক্ষাবৃত্তির জন্য রেখে যেত এবং সন্ধ্যা কিংবা রাতে এসে নিয়ে যেত। দিন শেষে ওই ব্যক্তি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ নিয়ে ফিরতেন। ঘটনাটি মনে প্রশ্ন তৈরি করে, তাঁর উপার্জিত অর্থের প্রকৃত নিয়ন্ত্রণ কার হাতে? তিনি কি স্বেচ্ছায় এই কাজে যুক্ত, নাকি পারিবারিক কিংবা অন্য কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর দ্বারা ব্যবহৃত হচ্ছেন? একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে সামগ্রিক চিত্র নির্ধারণ করা সম্ভব নয়, তবে এটি ভিক্ষাবৃত্তির আড়ালে সম্ভাব্য শোষণের বিষয়টি সামনে নিয়ে আসে।
বাস্তবে সব ভিক্ষুকের পরিস্থিতি এক নয়। কেউ দারিদ্র্য, বার্ধক্য কিংবা শারীরিক প্রতিবন্ধকতার কারণে জীবিকা নির্বাহে অক্ষম। আবার কেউ কেউ পরিকল্পিতভাবে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। বিভিন্ন জনসমাগমস্থল ও গণপরিবহনে তাঁদের উপস্থিতি অনেক সময় জনসাধারণের স্বাভাবিক চলাচলেও বিঘ্ন সৃষ্টি করে। তাই সবাইকে একই দৃষ্টিতে না দেখে তাঁদের আর্থসামাজিক অবস্থা ও ভিক্ষাবৃত্তিতে যুক্ত হওয়ার কারণ আলাদাভাবে চিহ্নিত করা জরুরি।
ভিক্ষাবৃত্তির ব্যাপকতা সম্পর্কে সুনির্দিষ্ট ও হালনাগাদ জাতীয় পরিসংখ্যানের অভাব রয়েছে। ২০২১ সালে তৎকালীন সমাজকল্যাণমন্ত্রী জাতীয় সংসদে জানিয়েছিলেন, দেশে ভিক্ষুকের সংখ্যা প্রায় আড়াই লাখ। অন্যদিকে বিভিন্ন সংস্থার জরিপে এই সংখ্যা প্রায় ২০ লাখ বলে উল্লেখ করা হয়েছে। দৈনিক যুগান্তরে প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজধানীতে পেশাদার ভিক্ষুকের সংখ্যা ৫০ হাজারের বেশি এবং একজন ভিক্ষুকের দৈনিক আয় প্রায় ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত হতে পারে। একই প্রতিবেদনে ভিক্ষাবৃত্তিকে কেন্দ্র করে সক্রিয় একটি সিন্ডিকেটের বার্ষিক আয় প্রায় ৬০০ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে। এসব পরিসংখ্যানের নির্ভরযোগ্যতা ও বর্তমান অবস্থা যাচাই করতে সমন্বিত সরকারি জরিপ প্রয়োজন।
ভিক্ষাবৃত্তিকে কেন্দ্র করে সংঘবদ্ধ চক্রের সক্রিয়তার অভিযোগ আরও উদ্বেগজনক। শিশু, নারী, বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার করে অর্থ উপার্জন করা হলে তা নিছক সামাজিক সমস্যা নয়, বরং মানবিক শোষণ ও অপরাধের বিষয়। এ ক্ষেত্রে প্রকৃত অসহায় মানুষকে অপরাধী হিসেবে বিবেচনা না করে তাঁদের যারা ব্যবহার করছে এবং উপার্জিত অর্থ নিয়ন্ত্রণ করছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন।
সরকারি পর্যায়েও ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণ ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২ হাজার ৭০০ জন ভিক্ষুককে আটক করা হয়। তাঁদের মধ্যে ৭৫০ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং বাকি ১ হাজার ৯৫৯ জনকে প্রশিক্ষণের জন্য সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়। তবে এসব উদ্যোগের দীর্ঘমেয়াদি ফলাফল কতটা কার্যকর হয়েছে, পুনর্বাসিত ব্যক্তিরা জীবিকার সুযোগ পেয়েছেন কি না, তা নিয়মিত মূল্যায়ন করা জরুরি।
সমস্যা সমাধানে প্রথমেই প্রয়োজন দেশব্যাপী ভিক্ষুকদের একটি নির্ভরযোগ্য ডেটাবেইস তৈরি করা। প্রকৃত অসহায়, কর্মক্ষম, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের আলাদাভাবে চিহ্নিত করে তাঁদের প্রয়োজন অনুযায়ী সহায়তা নিশ্চিত করতে হবে। প্রকৃত অসহায়দের জন্য নিয়মিত ভাতা, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা যেতে পারে। অন্যদিকে কর্মক্ষম ব্যক্তিদের কারিগরি প্রশিক্ষণ, ক্ষুদ্র উদ্যোগে সহায়তা এবং কর্মসংস্থানের সুযোগ দিতে হবে। পাশাপাশি শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের ভিক্ষাবৃত্তিতে ব্যবহারকারী ব্যক্তি এবং সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ ক্ষেত্রে সাধারণ মানুষের ভূমিকাও গুরুত্বপূর্ণ। সহানুভূতি থেকে অনেকেই ভিক্ষা দিয়ে থাকেন। কিন্তু এর পেছনে যদি সংঘবদ্ধ বাণিজ্য বা মানবিক শোষণ কাজ করে, তাহলে নির্বিচারে অর্থ প্রদান সেই ব্যবস্থাকে টিকিয়ে রাখতে পারে। তাই ব্যক্তিগতভাবে অর্থ প্রদানের পাশাপাশি স্বীকৃত সমাজসেবামূলক প্রতিষ্ঠান ও পুনর্বাসন কার্যক্রমে সহযোগিতা বাড়ানো প্রয়োজন।
সবশেষে বলা যায়, ভিক্ষাবৃত্তি কেবল দারিদ্র্যের প্রতিচ্ছবি নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে মানবিক মর্যাদা, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান ও সংঘবদ্ধ শোষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়। একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো যেমন নৈতিক দায়িত্ব, তেমনি অসহায়ত্বকে পুঁজি করে গড়ে ওঠা বাণিজ্যিক ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেওয়াও জরুরি। সরকারের উচিত পূর্ববর্তী উদ্যোগগুলোর কার্যকারিতা মূল্যায়ন করে দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিত করা। কারণ, ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণের প্রকৃত সাফল্য কাউকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ায় নয়, বরং তাঁকে মর্যাদাপূর্ণ জীবিকার সুযোগ করে দেওয়ার মধ্যেই নিহিত।
ইশতিয়াক আহমাদ
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
মেইল: istiyaqueemon@gmail.com

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ
ওয়ালটনের বৈদ্যুতিক গাড়ি প্রকল্পের দায়িত্ব পেলেন রিফা তাছনিয়া
ফিরে আসো বৃষ্টির ঘ্রাণ আর নদীভাঙন শেষে