বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Logo
×

কুবির বাস লক্ষ্য করে আগুন নিক্ষেপ, রক্ষা পেলেন শিক্ষার্থীরা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একটি বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপের অভিযোগ উঠেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে কুমিল্লার বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে। বাসে থাকা শিক্ষার্থীরা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।

বাসটি ছিল ‘কুমিল্লা-স-১১-০০২৫’ নম্বরের। বাসে থাকা এক শিক্ষার্থীর ভাষ্য, কুমিল্লা শহর থেকে পদুয়ার বাজার হয়ে ক্যাম্পাসে ফেরার পথে বেলতলী এলাকায় পৌঁছানোর আগে সড়কের ওপর কয়েকটি টায়ার পড়ে থাকতে দেখা যায়। বাসটি টায়ারগুলোর কাছাকাছি পৌঁছালে হঠাৎ সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীদের ধারণা, টায়ারগুলোতে আগে থেকেই তেল বা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে রাখা হয়েছিল।

ওই শিক্ষার্থী আরও জানান, বাসটি ঘটনাস্থলে পৌঁছানোর আগে সেখানে একজনকে মুঠোফোনে ভিডিও করতে দেখা যায়। এ সময় আরও দুজন মোটরসাইকেল নিয়ে সেখানে অবস্থান করছিলেন। টায়ারে আগুন দেওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান।

এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা বলছেন, পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের বাসটিকে লক্ষ্য করেই এ ঘটনা ঘটানো হয়েছে।

হঠাৎ আগুনসহ টায়ার বাসের সামনে আসতে দেখে চালক দ্রুত ব্রেক করেন। এতে পেছনে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হওয়ার উপক্রম হয়। তবে চালকের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হননি। তবে বাসটির সামনের অংশসহ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত ও বেঁকে গেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দুই থেকে তিনজন কিশোর আগুনসহ টায়ার নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় লোকপ্রশাসন বিভাগের এক নারী শিক্ষার্থী বলেন, ‘আর একটু হলে আমরা মারা যেতাম। যখন আগুন লাগছিল, পুরো বাসে ধোঁয়া উঠছিল। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন।’

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com