প্রথম সমাচার ডেস্ক:
গোপালগঞ্জ-২ (সদর) আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবরের ক্লিনিক ও কার্যালয় ভাঙচুর করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার রাত ৮টার দিকে শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে পাঁচতলা ভবনের চতুর্থ তলা পর্যন্ত আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। পঞ্চম তলাটি নির্মাণাধীন। নিচতলায় ক্লিনিকের বাম পাশের একটি বড় ঘরে সংসদ সদস্যের কার্যালয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী ভবনের সামনে গিয়ে স্লোগান দেন। এরপর সেখানে চার-পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে তারা নিচতলায় ক্লিনিক ও সংসদ সদস্যের কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালান। নিচতলায় ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসকদের চেম্বার। সেখানে ভাঙচুরের পর তিনটি চেয়ারসহ কিছু আসবাবপত্র ক্লিনিকের সামনে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ক্লিনিকের কর্মীদের অভিযোগ, হামলাকারীরা কিছু ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম লুট করেছেন। ভবনের দোতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত রোগীদের থাকার কেবিন। সেখানে যাননি হামলাকারীরা। ভবনের কেয়ারটেকার খাইরুল ইসলাম জানান, ক্লিনিকে তিনজন রোগী ভর্তি ছিলেন। কয়েকজন নার্স ছিলেন তাদের দেখাশোনার জন্য। ভাঙচুরের ঘটনার পর রোগী ও নার্সরা চলে যান। তবে কাউকে মারধর করা হয়নি।
এছাড়া, কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহাবুবুর রহমানের ওষুধের দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাদাদুল হকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা
বৈঠকে যেসব বিষয়ে একমত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা
প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক