প্রথম সমাচার ডেস্ক:
কক্সবাজারের রামুতে পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে ছিনিয়ে নিয়েছেন তার স্বজনেরা। এ সময় লাঠিসোঁটার আঘাত ও মারধরে পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। তাদের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লট উখিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ওই নেতার নাম দিদারুল আলম (৩৪)। তিনি ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় জাবেদ আলমের ছেলে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই নেতাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন রামু থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, দিদারুলকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে একদল নারী-পুরুষ পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন। ঘটনার পর থেকে তাকে গ্রেপ্তারে এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রাতে একটি বাড়িতে অন্তত ছয়জনের পুলিশের একটি দলে অভিযান চালিয়ে দিদারুলকে গ্রেপ্তার করে। এ খবর ছড়িয়ে পড়লে নারী-পুরুষেরা অন্ধকারে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। কয়েকজন পেছন দিক থেকে পুলিশ সদস্যদের লাঠি দিয়ে আঘাত করেন। এতে মাথায় আঘাত পেয়ে দুই পুলিশ কর্মকর্তা মাটিতে পড়ে যান। এ সুযোগে হামলাকারীরা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ দিদারুলকে ছিনিয়ে নিয়ে যান।
পুলিশ জানায়, কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি বন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি দিদারুল। এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার ঘোষিত লকডাউন ঘিরে নাশকতার পরিকল্পনার সঙ্গেও তার সম্পৃক্ততার তথ্য ছিল পুলিশের কাছে। মঙ্গলবার রাতে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়। তবে থানায় নেওয়ার আগেই তাকে ছিনিয়ে নেওয়া হয়।
আহত এসআই মোহাম্মদ আনোয়ার বলেন, দিদারুলকে গ্রেপ্তারের পর তার পরিবারের সদস্যসহ ৮ থেকে ১০ জন নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে পেছন দিক থেকে লাঠি দিয়ে আঘাত করা হলে তিনি মাটিতে পড়ে যান। হামলায় এএসআই বোরহান উদ্দিনও আহত হন। এ সময় হামলাকারীরা দিদারুলকে ছিনিয়ে নিয়ে যান।

ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা
বৈঠকে যেসব বিষয়ে একমত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা
প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক