বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Logo
×

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা, গ্রেপ্তার ৩

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে ঝটিকা মিছিল করে বিএনপি নেতা শামসুল আলমের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলায় যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এরআগে মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে খাতুনগঞ্জের এমইবি গ্রুপ অব কোম্পানির অফিস সহকারী মো. বেলাল বাদী হয়ে কোতোয়ালী থানায় নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ২১ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক ও মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য তানজিরুল হক চৌধুরী (৪০), কোতোয়ালী থানা ছাত্রলীগের সংগঠক অনিক দত্ত (৩০) এবং বাকলিয়া থানা যুবলীগের সক্রিয় সদস্য মো. শাহাব উদ্দিন (২৯)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে বাকলিয়ার কয়লার পুল এলাকা থেকে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে মিছিল বের করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি খাতুনগঞ্জের এমইবি গ্রুপ অব কোম্পানির কার্যালয়ের সামনে পৌঁছে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেয়। পরে দুপুর ১টা ১০ মিনিটের দিকে মিছিলকারীরা ওই কার্যালয়ে ঢুকে প্লাস্টিকের পার্টিশন গ্লাসসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

এজাহারে বলা হয়, খবর পেয়ে দুপুর ১টা ২০ মিনিটের দিকে কোতোয়ালী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা আশপাশের গলি দিয়ে পালিয়ে যান। এ সময় পুলিশ তানজিরুল ও অনিককে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাকলিয়ার রাজাখালী ফায়ার সার্ভিসের সামনে ১৪ নম্বর গলি থেকে শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

এজাহারে আরও বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে মিছিলে অংশ নেওয়া ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে।

জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, খাতুনগঞ্জে ঝটিকা মিছিল ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com