প্রথম সমাচার ডেস্ক:
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস। যারা ভালোবাসেন, আগলে রাখেন, দায়িত্ব নেন, আজ তাদের জন্য একটুখানি ভালোবাসা দেখানোর দিন। প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক পুরুষ দিবস। বাবা, ভাই, স্বামী, ছেলে বা প্রিয় সঙ্গী, জীবনের নানা সম্পর্কে জড়িয়ে থাকা পুরুষ মানুষগুলোর প্রতি ভালোবাসা ও সম্মান জানানোর দিন এটি।
আমাদের জীবনে পুরুষদের ইতিবাচক অবদান তুলে ধরা এবং তাদের সুস্থতাকে প্রাধান্য দেয়াই আন্তর্জাতিক পুরুষ দিবসের মূল লক্ষ্য। পুরুষদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা, পরিবার ও সমাজে তাদের অবদান এবং নানা সামাজিক সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়। এ বছর আন্তর্জাতিক পুরুষ দিবসের প্রতিপাদ্য হলো ‘ভবিষ্যৎ সবার’।
১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের অধ্যাপক থমাস ওস্টার প্রথম আন্তর্জাতিক পুরুষ দিবস পালনের উদ্যোগ নেন। তবে সেই উদ্যোগ দীর্ঘস্থায়ী হয়নি।
পরবর্তী সময়ে ১৯৯৯ সালে ত্রিনিদাদ ও টোবাগোর অধ্যাপক ড. জেরোম টিলাকসিংহ দিবসটি নতুন করে চালু করেন। তিনি ১৯ নভেম্বর তারিখটি বেছে নেন। দিনটি তার বাবার জন্মদিন ছিল। একই সঙ্গে ১৯৮৯ সালের এই দিনে ত্রিনিদাদ ও টোবাগোর ফুটবল দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল, যা দেশটির মানুষের মধ্যে ঐক্যের প্রতীক হয়ে উঠেছিল। এরপর ধীরে ধীরে বিভিন্ন দেশে দিবসটি পালিত হতে শুরু করে।
আন্তর্জাতিক পুরুষ দিবসের অন্যতম উদ্দেশ্য হলো পুরুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানো। বিশেষ করে মানসিক চাপ, বিষণ্নতা ও আত্মহত্যার ঝুঁকি সম্পর্কে কথা বলাই এই দিবসের একটি বিশেষ দিক। পুরুষদের প্রয়োজনের সময় পাশে থাকার গুরুত্ব তুলে ধরা হয়।
অনেক সমাজে ছেলেদের ছোটবেলা থেকেই কাঁদতে নেই বা সব পরিস্থিতিতে শক্ত থাকতে হবে, এমন ধারণা শেখানো হয়। ফলে অনেক পুরুষ নিজের আবেগ, কষ্ট ও মানসিক সমস্যার কথা প্রকাশ করতে সংকোচ বোধ করেন।
এই সামাজিক ধারণা পরিবর্তন করে পুরুষদের মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনার পরিবেশ তৈরি করাও দিবসটির গুরুত্বপূর্ণ লক্ষ্য।
আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে বিভিন্ন দেশে স্বাস্থ্যবিষয়ক আয়োজন, আলোচনা সভা, সেমিনার, সম্মেলন, সচেতনতামূলক প্রচার ও সামাজিক অনুষ্ঠান আয়োজন করা হয়। কোথাও পুরুষদের স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। আবার বিভিন্ন সংগঠন পুরুষদের ইতিবাচক ভূমিকার স্বীকৃতি দিতে পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করে।

শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, স্থানীয়দের বাধা