প্রথম সমাচার ডেস্ক:
সকালের শুরুতে এক কাপ চা অনেকেরই প্রতিদিনের অভ্যাস। তবে দুধ-চিনির চায়ের বদলে স্বাস্থ্যসচেতন মানুষের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে গ্রিন টি। হালকা স্বাদ, স্বতন্ত্র ঘ্রাণ আর নানা স্বাস্থ্যগুণের কারণে পানীয়টি জায়গা করে নিয়েছে অনেকের দৈনন্দিন রুটিনে।
বিশেষ করে ওজন নিয়ন্ত্রণ, শরীর সতেজ রাখা কিংবা সুস্থ জীবনযাপনের অংশ হিসেবে অনেকেই গ্রিন টি পান করছেন। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষতিকর উপাদানের প্রভাব থেকে সুরক্ষায় ভূমিকা রাখতে পারে।
তবে গ্রিন টি খেলেই ওজন কমবে কিংবা সব ধরনের শারীরিক সমস্যা দূর হবে; এমন ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং কখন, কতটুকু এবং কীভাবে এই চা পান করা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ।
পুষ্টিগুণ ও সম্ভাব্য উপকারিতার পাশাপাশি গ্রিন টি পানের কিছু সতর্কতার বিষয়ও রয়েছে। তাহলে নিয়মিত গ্রিন টি পান করলে শরীরে কী ধরনের পরিবর্তন আসতে পারে? আর এর প্রকৃত উপকার পেতে কী কী বিষয় মাথায় রাখা প্রয়োজন?
চলুন একনজরে দেখে নেওয়া যাক গ্রিন টি পানের কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতা
গ্রিন টিতে রয়েছে প্রচুর পলিফেনল, বিশেষ করে ক্যাটেচিন। এটি এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এর মধ্যে এপিগ্যালোক্যাটেচিন গ্যালেট (EGCG) বিশেষভাবে উল্লেখযোগ্য। এই উপাদানগুলো শরীরে ফ্রি র্যাডিকেলের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সহায়তা করে। ফলে কোষের ক্ষতি ও প্রদাহ কমাতে ভূমিকা রাখতে পারে।
নিয়মিত গ্রিন টি পান হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। এতে থাকা ক্যাটেচিন রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা এলডিএলের মাত্রা কমাতে এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি হ্রাসে ভূমিকা রাখতে পারে। এ ছাড়া গ্রিন টির প্রদাহরোধী উপাদান রক্তনালির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে। এসব কারণে হৃদরোগের ঝুঁকি কমানোর ক্ষেত্রেও পানীয়টির সম্ভাব্য ভূমিকা রয়েছে।
ওজন নিয়ন্ত্রণে আগ্রহীদের কাছে গ্রিন টি বেশ পরিচিত একটি পানীয়। এতে থাকা ক্যাফেইন ও ক্যাটেচিন শরীরের বিপাকক্রিয়া বাড়াতে এবং চর্বি ভাঙার প্রক্রিয়ায় সহায়তা করতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এই উপাদানগুলো শরীরের শক্তি ব্যয় ও চর্বি পোড়ানোর প্রক্রিয়ায় ভূমিকা রাখে। তবে শুধু গ্রিন টি পান করলেই ওজন কমে না। সুষম খাবার ও নিয়মিত ব্যায়ামের পাশাপাশি এটি সহায়ক পানীয় হিসেবে কাজ করতে পারে।

নজরুল বিশ্ববিদ্যালয়ের ২৫ বিভাগের ১৩টিতেই নেই অধ্যাপক