প্রথম সমাচার ডেস্ক:
অস্ট্রেলিয়াকে হারিয়ে আগেই টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটি দখল করেছিল দক্ষিণ আফ্রিকা। এবার বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে আরেকটি তালিকার শীর্ষেও উঠে গেল টেম্বা বাভুমার দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে নিউজিল্যান্ডকে পেছনে ফেলে প্রথম স্থান দখল করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিপরীতে হেরে পয়েন্টের শতাংশ আরও কমেছে বাংলাদেশের। যদিও অবস্থান রয়েছে আগের মতোই পাঁচ নম্বরে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। পাঁচ দিনের ম্যাচের শেষ দিনে জয় নিশ্চিত করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পূর্ণ ১২ পয়েন্ট পেয়েছে স্বাগতিকরা। তাতেই বদলে গেছে ২০২৫-২৭ চক্রের পয়েন্ট তালিকার শীর্ষস্থান।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ৭ টেস্টে ৫ জয় ও ২ হারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৬০ পয়েন্ট। পয়েন্টের শতাংশ ছিল ৭১ দশমিক ৪৩। তখন ৭২ দশমিক ২২ শতাংশ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে ছিল নিউজিল্যান্ড।
বাংলাদেশকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার মোট পয়েন্ট বেড়ে হয়েছে ৭২। চলমান চক্রে ৮ ম্যাচের মধ্যে ৬টিতে জিতেছে তারা, হেরেছে বাকি দুটি। এতে পয়েন্টের শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৫ দশমিক শূন্য শূন্য। ফলে নিউজিল্যান্ডকে দ্বিতীয় স্থানে নামিয়ে শীর্ষে উঠে এসেছে প্রোটিয়ারা।
অবশ্য দক্ষিণ আফ্রিকার কাছে শীর্ষস্থান হারালেও নিউজিল্যান্ডের পয়েন্টের শতাংশ অপরিবর্তিত রয়েছে। চলমান চক্রে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৪ জয়, একটি হার ও একটি ড্রয়ে কিউইদের সংগ্রহ ৫২ পয়েন্ট। তাদের পয়েন্টের শতাংশ ৭২ দশমিক ২২।
তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ১৩ ম্যাচে ৯ জয় ও ৪ হারে ১০৮ পয়েন্ট পেয়েছে। অজিদের পয়েন্টের শতাংশ ৬৯ দশমিক ২৩। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ হারার পরই শীর্ষস্থান থেকে তিনে নেমেছিল তারা।
অস্ট্রেলিয়ার পর চতুর্থ স্থানে রয়েছে ভারত। ১১ ম্যাচে ৫ জয়, ৪ হার ও ২ ড্রয়ে তাদের সংগ্রহ ৬৮ পয়েন্ট। পয়েন্টের শতাংশ ৫১ দশমিক ৫২।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কাছে হারে বাংলাদেশের পয়েন্টের শতাংশ নেমে এসেছে ৪০ দশমিক ৭৪-এ। চলমান চক্রে ৯ ম্যাচে ৩ জয়, ৪ হার ও ২ ড্রয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৪ পয়েন্ট।

লাল ঝোল বা কষা নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন মটন মালাই
বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা